২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরবাড়ী ঘাটে ৩৭ কোটি টাকার সার বাজেয়াপ্ত করেছে যৌথবাহিনী

পাবনার নগরবাড়ী নৌ--বন্দর ঘাটে আটক প্রায় ৩৭ কোটি টাকার সাড়ে ৫ লাখ বস্তা অবৈধ মজুদ ও নিষিদ্ধ সার যৌথবাহিনী বাজেয়াপ্ত করেছে। শুক্রবার সন্ধ্যায় এসব সার বাজেয়াপ্তের ঘোষণা দিয়ে ৪৭টি গুদাম সিলগালা করে দেওয়া হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 01:36 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জন আমদানীকারকসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে৮টি মামলা দায়ের করা হয়েছে। এদের ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনী সূত্র জানায়, পাবনার নগরবাড়ী ঘাটে দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নিষিদ্ধ, ভেজাল, নকল সারের ব্যবসা করে আসছিল। ভেজাল ও অননুমোদিত সারের পাশাপাশি এসব ব্যবসায়ী সারের অবৈধ মজুদ গড়ে তোলে। গোপন খবর পেয়ে যৌথবাহিনী মঙ্গলবার থেকে নগরবাড়ী ঘাটে অভিযান শুরু করে। তারা জব্বার ট্রেডিং, বাগদাদ ট্রেডিং, মদিনা ট্রেডিং, এশিয়া ট্রেডিং এর ৬৮টি গুদামে অভিযান চালায়। এর মধ্যে ৪৭টি গুদাম থেকে ৪ দিনে প্রায় ১১ লক্ষাধিক বস্তা নিষিদ্ধ এফএমপি সারসহ বিভিন্ন সার আটক করে।

শুক্রবার আটক সামগ্রীর মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ৬৯৭ বস্তা সার ও ৪ হাজার ৫২৯ বস্তা লবণ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। এসব সামগ্রীর মোট মূল্য ৩৬ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২২৫ টাকা। বাজেয়াপ্ত সারের মধ্যে রয়েছে ১ লাখ ৮ হাজার ২৪৮ বস্তা এমওপি, ৮২ হাজার ৩০৬ বস্তা ডিএপি, ৩ লাখ ৫২ হাজার ৮৬৮ বস্তা টিএসপি, ৩ হাজার ৭৭৫ বস্তা এফএমপি এবং ৫শ’ বস্তা সালফার।