যানবাহনের কর--ফি প্রদান প্রক্রিয়া সহজ করার উদ্যোগ সহজ হচ্ছে না
যানবাহনের কর এবং ফি প্রদানের প্রক্রিয়া সহজ করার প্রয়াস ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে জটিলতা বেড়েছে আরো। সহজতর করার উপায় নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে।
পোস্ট অফিসের মাধ্যমে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নিয়ে যানবাহনের নিবন্ধন ও অন্যান্য ফি আদায় করে থাকে বিআরটিএ। প্রক্রিয়াটা আরো সহজসাধ্য করার জন্য এলাকাভিত্তিক পোস্ট অফিস নির্ধারণ করে দিতে চাইছে তারা। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় চাইছে পুরো প্রক্রিয়াটাই বদলাতে। পোস্ট অফিসের পরিবর্তে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবহার করার সুপারিশ করেছে তারা।
ব্যাপারটা নিয়ে আলোচনা করতে ১১ ফেব্র“য়ারি একটি বৈঠক ডেকেছে অর্থ মন্ত্রণালয়। বিআরটিএ’কেও আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে।
প্রক্রিয়া সহজসাধ্য করতে বিআরটিএ প্রস্তাব দিয়েছিল নির্দিষ্ট এলাকার যানমালিকরা স্থানীয় যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংগ্রহ করে সেটা সবচেয়ে কাছের কোনো পোস্ট অফিসে জমা দেবেন।
কর্তৃপক্ষ গত ২৮ জানুয়ারি এনফোর্সমেন্ট বিভাগের পরিচালককে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে। তাদের দায়িত্ব হয় যানমালিকদের জন্য কাছাকাছি সুবিধাজনক পোস্ট অফিসের নাম সুপারিশ করা। বতর্মান প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনতে হলে যোগাযোগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন বিআরটিএ’র। সংস্থার চেয়ারম্যান এবিএম শাহজাহান বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেছেন, “আগামী রোববার কমিটি তাদের সুপারিশ জানাবে।”
এখন পর্যন্ত যা চলে আসছে, তাতে যানমালিকদের অনেক দূর পাড়ি দিয়ে নির্দিষ্ট পোস্ট অফিসে ব্যাংক ড্রাফট কিংবা পে অর্ডার জমা দিতে হয়। তাদের জন্য ব্যাপারটা কষ্টকর কারণ আগে তাদের ব্যাংকে যেতে হয়, তারপর পোস্ট অফিস। এরপর মিরপুর বা কেরানিগঞ্জের বিআরটিএ অফিসে যেতে হয় ছাড়পত্র আনতে।
তারওপর অভিযোগ আছে যে ব্যাংক এবং পোস্ট অফিসগুলোয় কিছু অসৎ কর্মকর্তা বাড়তি টাকা ছাড়া যান মালিকদের সহযোগিতা করতে রাজি হয় না।
এদিকে, কয়েকজন যানমালিক নফহবংি২৪.পড়সকে জানিয়েছেন সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট এবং পে অর্ডার পাঠানো গোটা প্রক্রিয়াকে আরো জটিল করবে।
প্রাইভেটকার মালিক জামালউদ্দিন আহমেদ বলেছেন, “শহরে সোনালী ব্যাংকের শাখা এমনিতে কম, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নিতে তাই দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে আমাদের। তার ওপর ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বানাতে ব্যাংক কর্মকর্তাদের টাকা দিতে হবে।”
যান চালক আতিকুর রহমান বলেছেন, “ বিআরটিএ যে কোনো বেসরকারী মোবাইল ফোন কোম্পানির সঙ্গে চুক্তি করে বিভিন্ন ধরনের কর আদায় করতে পারে সহজেই।”
পোস্ট অফিসের কিছু অসৎ কর্মকর্তা যানবাহনের কর ও ফি’র টাকা আত্মসাৎ করায় ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের নিয়ম চালু করেছিল বিআরটিএ।
