গ্যাস আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি গ্রামের মানুষ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা আসমা আক্তারের মুখ ঝলসে গেছে গ্যাসের আগুনে। এই ঘটনার পর থেকে পুরো গ্রামে আরও বেশি করে ছড়িয়ে পড়েছে গ্যাস আতঙ্ক। শুধু এ গ্রামেই নয়, পাশের আনন্দপুর গ্রাম ও একটি বিলেও বেশ কিছুদিন ধরে অব্যাহতভাবে গ্যাস উদগিরণের ফলে প্রায় ৬ হাজার লোকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামের অধিকাংশ ঘরেই চুলা বন্ধ হয়ে গেছে, লোকজন সিগারেট পর্যন্ত ধরাতে ভয় পাচ্ছেন।
গ্রামবাসীর অভিযোগ, এলাকাটি দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর নিয়ন্ত্রণাধীন তিতাস গ্যাস ফিল্ডের কাছাকাছি অবস্থিত। গত কয়েক মাস ধরে তিতাসের মূল রিজার্ভ থেকে এ গ্যাস বের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি কমিটি করা ছাড়া কোন কার্যকর ব্যবস্থা নেয়নি।
তারা বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে আরও একটি মাগুরছড়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নের তিতাস নদীর পূর্বপাড়ের আনন্দপুর ও শ্যামপুর গ্রাম ঘুরে দেখা গেছে, গ্যাসের প্রবল চাপে শ্যামপুর গ্রামের তিনটি নলকূপ থেকে অব্যাহতভাবে পানি বের হচ্ছে। বিভিন্ন স্থানে ফাটল দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ায় আগুন ধরে যেকোনো সময় বিস্ফোরণসহ ভয়াবহ অগ্নিকাণ্ডের আশংকা করছে গ্রামবাসী।
জানা গেছে, গত ৪ ফেব্র“য়ারি রাতের বেলা কুপি জ্বালিয়ে ঘর থেকে বের হওয়ার পর গ্যাসের হলকা লেগে দাউ দাউ করে আগুন লেগে আসমা আক্তার নামের এক গৃহবধুর মুখ ঝলসে গেছে।
আসমা আক্তারের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার মুখের অধিকাংশ স্থানই ঝলসানো। তিনি জানান, কুপি জ্বালিয়ে এ ঘর থেকে ও ঘরে যাওয়ার পথে কুপির আগুন থেকে বাতাসে আগুন লেগে তার মুখ পুড়ে গেছে।
ওই গ্রামেরই অলি মিয়া নামে একজন জানান, গ্যাসের আগুনের ভয়ে মাটির চুলা বন্ধ করে দিয়েছেন গ্রামের অনেকেই। ফলে রান্না--বান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। তারা আশংকা করছেন, যেকোনো মুহুর্তে গ্যাসের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম।
গ্রামের পাশের লইস্কা বিলে গিয়ে দেখা গেছে, প্রায় এক হাজার একর জমির কয়েক হাজার ফাটল দিয়ে বুদ্বুদ্ শব্দে অব্যাহতভাবে গ্যাস বের হচ্ছে। এর অনেকগুলোতেই আগুন জ্বলছে। তিতাস নদীর ফাটল থেকেও গ্যাস বের হচ্ছে অনবরত।
গ্রামের কৃষক লিয়াকত মিয়া (৭০) জানান, এমন কোন জমি নেই যে জমি থেকে গ্যাস উদগিরণ হচ্ছে না। গ্যাসের বুদবুদে জমি ভেঙ্গে যাচ্ছে। এতে করে জমির উর্বরা শক্তিও হ্রাস পাচ্ছে বলে তিনি আশঙ্কা করছেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আবেদীন জানান, বিষয়টির কারণ উদঘাটন ও করণীয় নির্ধারণের জন্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কমিটি আগামী রোববার প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্যাস ফিল্ড কোম্পানি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তিতাস গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর স্থাপনার খুবই কাছাকাছি হচ্ছে আনন্দপুর ও শ্যামপুর গ্রাম। এর আশপাশে রয়েছে ৬, ৮,৯ ও ১০ নম্বর কূপ। ১৯৮৮ সালে খনন করা ১০ নম্বর কূপ তৈরির সময় প্রক্রিয়া যথাযথ ছিল না বলে বিশেষজ্ঞরা শুরুতেই মন্তব্য করেছিলেন। এ অবস্থায় উৎপাদনে গেলে পরিণতি ভয়াবহ হবে বলে তখনই সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু এ সতর্কতা না মেনে তখন তড়িঘড়ি করে উৎপাদন শুরু করে দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, এ কূপ থেকে বেরিয়ে আসা গ্যাস বিভিন্ন পথে ভঙ্গুর মাটির স্তর ভেদ করে ওপর দিকে নির্গত হচ্ছে।
অপরদিকে ২০০০ সালে ১৪ নং কূপটির খনন কাজ শেষ হয়। এটি নির্মাণেও সিমেন্টের প্রলেপ ছিল নিম্নমানের। এক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা না নিয়েই উৎপাদন শুরু করা হয়। উৎপাদনের শুরুতে গ্যাসের সঙ্গে ব্যাপক পরিমাণে পানি বেরিয়ে আসায় গত নভেম্বরে এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। সূত্র মতে, সেখানে নতুন করে গ্যাসের চাপ হওয়ায় আনন্দপুর ও শ্যামপুর এলাকার বিভিন্ন ফাটল দিয়ে তা নির্গত হয়ে বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ছে।
গ্রামের সোলায়মান মিয়া জানান, পাঁচ বছর আগে প্রথম এখানে গ্যাস উদগিরণের বিষয়টি ধরা পড়ে। তখন অল্প অল্প গ্যাস বের হতো। তখনই এ ব্যাপারে ব্যবস্থা নিলে পরিস্থিতি এতো ভয়াবহ হতো না।
সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, গত নভেম্বর মাসে এ গ্যাস উদগীরণের বিষয়টি বিজিএফসিএল এর নজরে আসে। বিষয়টি সঙ্গে সঙ্গে পেট্রোবাংলা ও জ্বালানী মন্ত্রণালয়কে জানানো হয়। এরপর গত ৭ ডিসেম্বর পেট্রোবাংলায় অনুষ্ঠিত বিশেষজ্ঞদের এক সভায় এর কারণ ও করণীয় নির্ধারণের জন্যে কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। এরপর গত ৯ জানুয়ারি একটি কমিটি গঠন করা হয়। তবে সবারই দাবি, গ্যাস দুর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ দিয়ে এ তদন্ত পরিচালনা জরুরি।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন এ ব্যাপারে খোঁজ--খবর নিতে শুরু করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সৈয়দ আহাম্মদ ছাফা জানান, বিষয়টি কতটুকু বিপজ্জনক তা জানার জন্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি জানান, এ ব্যাপারে মূল দায়িত্ব পালন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড ও জেলা প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি বলেন, “জেলা প্রশাসন বিষয়টি মনিটরিং করবে।”
প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম বৃহৎ তিতাস গ্যাস মজুদের পরিমাণ হচ্ছে ৫ দশমিক ১২ ট্রিলিয়ন ঘনফুট।
