চট্টগ্রামে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় বুধবার রাতে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া প্রতারক চাঁন্দগাওয়ের সাইফুল ইসলাম, রাউজানের শহিদুল ইসলাম ও চন্দনাইশের আব্দুর রহিম প্রকাশ রনির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের পাশে সোহাগ আবাসিক হোটেলে বুধবার রাতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এই তিন যুবক চাঁদাবাজির চেষ্টা করলে হোটেলের লোকজন থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।
এদিকে, যৌথবাহিনী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে চিহ্নিত ডাকাত জিয়াউল কাদের জিয়া ও কামরুল ইসলাম হেলালসহ পাঁচজনকে আটক করেছে।
