জঙ্গি মদদদাতা রাজনীতিকদের আলাদা বিচার হবে : মইনুল হোসেন
গ্রেপ্তারকৃত রাজনীতিবিদদের মধ্যে কেউ জঙ্গিদের মদদদাতা থাকলে তাদের আলাদা বিচার করবে সরকার।
এছাড়া অন্তর্বর্তী প্রশাসন সন্ত্রাস দমন আইন করার চিন্তা করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা মইনুল হোসেন।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, “যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কেউ কেউ জঙ্গিদের আশ্রয় দিয়েছেন বলে শোনা যায়। এই অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতির পাশাপাশি জঙ্গিদের আশ্রয়ের ব্যাপারেও পৃথক বিচার হবে।”
জঙ্গি সন্ত্রাস দমনে পৃথক কোন আইন করা হবে কিনা এ ধরনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস দমন আইন করার চিন্তা--ভাবনা তাদের আছে।
মইনুল হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে মামলা করার প্রস্তুতি চলছে। দ্রুততম সময়ে তাদের বিচার কাজ শুরু হবে।”
ব্যবসায়ীদের প্রসঙ্গে বলেন, “বর্তমান জরুরি অবস্থায় প্রকৃত ব্যবসায়ীদের কোন ধরনের ভয় নেই। তারা নির্বিঘেœ ব্যবসা করতে পারবেন। তাদের কাজ কর্মে কোন ধরনের বাধা সৃষ্টি করা হবে না। তবে যারা হঠাৎ করে ব্যবসায়ী হয়েছেন কিংবা রাজনীতিক পৃষ্টপোষকতায় সিণ্ডিকেট করে ব্যবসায়ী হয়েছেন তাদেরকে আমরা ব্যবসায়ী মনে করি না। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যারা পচা গম, ভেজাল খাদ্য বিক্রি করে ব্যবসা করছে তারা অপরাধী। তাদেরকে ধরা হচ্ছে।”
বুধবার উপদেষ্টা পরিষদ ফৌজদারি কার্যবিধি সংশোধন প্রস্তাবের খসড়া অনুমোদন করার ব্যাপারে তিনি বলেন, “এর মাধ্যমে বিচার বিভাগ পৃথক্করণে আইনগত বাধা দূর হলো। শাসনতন্ত্রে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণের কথা বলা হলেও ৩৬ বছরে তা করা হয়নি।”
উপদেষ্টা পরিষদের এই পদক্ষেপকে তিনি ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “বিচার বিভাগ পৃথক হওয়ার পর বিচার বিভাগের সকল স্বচ্ছতা ও জবাবদিহিতার দায়িত্ব বিচার বিভাগকে নিতে হবে। এতে সুবিচার পাওয়ার পথ প্রশস্ত হবে। এছাড়া বিচার বিভাগে নির্বাহী বিভাগের কোন হস্তক্ষেপ থাকবে না।”
ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশটি রোববারের মধ্যে চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
