২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি লাইসেন্সের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্সের ওপর স্থগিতাদেশ তুলে নিয়েছে হাইকোর্ট। এর ফলে ভিওআইপির মাধ্যমে আইনসম্মতভাবেই কম খরচে বিদেশে টেলিফোনে কথা বলার সুযোগ বাড়লো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ডেফোডিল অনলাইন লিমিটেড ও যুগ্মভাবে গ্লোবাল একসেস লিমিটেড এবং সিরিয়াস ব্রডব্যান্ড বিডি লিমিটেডের দায়ের করা দুটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৬ নভেম্বর ভিওআইপি লাইসেন্সের ওপর স্থগিতাদেশ দিয়েছিল।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ওই স্থগিতাদেশ তুলে নেন।

দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসির আইনজীবী অনীক আর হক জানান, হাইকোর্টের এ আদেশের পর ভিওআইপি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। 

ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশব্যাপী অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান চলছে। এসব অভিযানের ফলে বিটিটিবির আয় বাড়ার কথা বলা হলেও তথ্যপ্রযুক্তি অবাধ প্রবাহমানতার এ যুগে ভিওআইপির লাইসেন্স দেওয়ার একটি নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন অনেকেই।

বৃহস্পতিবার অবশ্য গ্লোবাল একসেস লিমিটেড ও সিরিয়াস ব্রডব্যান্ড এর পক্ষে মামলাটি না চালানোর সিদ্ধান্ত হলে রুলটি খারিজ করে দেওয়া হয়।

হাইকোর্টের এ বেঞ্চ ৬ নভেম্বরের আদেশে ভিওআইপি লাইসেন্স প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি এ বিষয়ে আর কোনো পদক্ষেপ না নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয় আদালত ।

একই সময়ে আদালত অভিন্ন এক্সচেঞ্জ (কমন প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ) স্থাপনের আগে ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদনপত্র আহ্বান কেন অবৈধ হবে না তার ব্যাখ্যা দিতে সরকার ও বিটিআরসির প্রতিও একটি রুল জারি করেছিল।

একইসময় হাইকোর্ট দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ভিওআইপি লাইসেন্স প্রদানের ব্যাপারে রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্যমূলক নিয়মের ব্যাপারেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির  চেয়ারম্যান, ও কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায়।

রিট আবেদনে বলা হয়েছিল, ২১ সেপ্টেম্বরের রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনে ন্যাশানওয়াইড আইএসপি ছাড়া সব আইএসপিকে অবৈধভাবে ভিওআইপি লাইসেন্স থেকে বঞ্চিত করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ইন্টারনেট এক্সচেঞ্জের অভিন্ন প্ল্যাটফর্ম স্থাপনের আগেই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২২ সেপ্টেম্বর বিটিআরসি অবৈধভাবে ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদনপত্র আহ্বান করে।