জঙ্গিদের হুমকি মাথায় রেখেই ভাষা দিবসের নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
একুশে ফেব্র“য়ারির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জঙ্গিদের নাশকতামূলক তৎপরতার হুমকি মাথায় রাখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আসন্ন ২১ ফেব্র“য়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক নিরাপত্তা সভায় সব রকমের হুমকি বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বলেন, “সব রকম হুমকি মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তবে এ ধরনের কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“ফাঁসির আদেশ পাওয়া জঙ্গিদের প্রাণভিক্ষার আবেদন পরীক্ষা--নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো ফলাফল এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি।”
রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন,“আটক অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তার হওয়া অনেকের আটকাদেশের বৈধতা দেখাতে আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,“আমরা আদালতের প্রশ্নের জবাব দেবো।” কোন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে--- সব লিখিত জবাবে উল্লেখ থাকবে বলে তিনি জানান।
স্বরাষ্ট্র সচিব জানান, প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবসের প্রথম প্রহর থেকে পুরোটা সময় অনুষ্ঠানের সমন্বয় করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাবির পরামর্শেই নিরাপত্তা ব্যবস্থার কর্মসুচি গ্রহণ করছে।
ঢাবি কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পুলিশ হল তল্লাশি চালাবে। ক্লোজ সার্কিট ক্যামেরাসহ শহীদ মিনারের চারপাশে পুলিশ কড়া নিরাপত্তা বলয় তৈরী করবে। নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল রুম থাকবে শহীদ মিনারের উল্টোদিকের মোকাররম ভবনে।
এছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য মন্ত্রণালয় থেকে ডেসা ও ডেসকোকে অনুরোধ করা হয়েছে।
