২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করলো আসিয়ান প্রতিনিধিরা

আগামী দিনগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। অভিমতটা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) প্রতিনিধিদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 06:13 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদের সঙ্গে এক বৈঠকের পর এই ধারণার কথা বলেছেন তারা।

রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত আবদুল মালেক বিন আবদুল আজিজ বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করছে আগামী দিনের সরকারগুলোর জন্য অনুকরণীয় একটি দৃষ্টান্ত তৈরি করতে।” সেইসঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ প্রসঙ্গে জানিয়েছেন, “আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই এই মুহূর্তে এ দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে বিদেশি বিনিয়োগকারীরা বিমুখ না হয়।”

ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, আসিয়ান প্রতিনিধিরা বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট এবং বাংলাদেশে আরো বিনিয়োগ করতে তারা আগ্রহী। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন,“হোটেল, পর্যটন এবং আবাসনসহ বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করার ইচ্ছে জানিয়েছে। ব্র“নাই ইতিমধ্যে এদেশের হোটেলগুলোর অবকাঠামোর উন্নতির জন্য বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।”

এছাড়া নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠান এবং যৌথ কমিশন গঠনেও আসিয়ান প্রতিনিধিরা রাজি হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ সনদ সাক্ষরে বাংলাদেশের সিদ্ধান্ত সম্পর্কে ইফতেখার আহমেদ বলেছেন, “এই সনদে সাক্ষর করার পর বাংলাদেশ ভাবমূর্তির অনেক উন্নতি হবে।”

 বৈঠকে থাইল্যান্ড, মায়ানমার এবং সিঙ্গাপুরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।