ওরিয়েন্টাল ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলা হাইকোর্টে বৈধ ঘোষণা
অর্থ কেলেংকারীতে জর্জরিত ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা বৈধ। হাইকোর্ট ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশে একইসঙ্গে ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউদ্দিন ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামীকে এ সংক্রান্ত মামলায় অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে।
এছাড়া ব্যাংকের সাবেক কর্মকর্তা জেড এস সালেহ উদ্দিনসহ দুই জনকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমাপর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮, ২২ ও ২৫ জানুয়ারি সিএম কয়েস সামী, তারিকুল ইসলাম খানসহ ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন থানায় একাধিক দুর্নীতি মামলা দায়ের করে।
কমিশনের অনুমোদন ছাড়া এসব মামলা দায়ের করায় এর বৈধতা নিয়ে গত ২৮ জানুয়ারি ব্যাংকটির কর্মকর্তারা রিট আবেদন দায়ের করলে এসব মামলার কার্যক্রম কেন অবৈধ ও অকার্যকর ঘোষণা করা হবে না তার কারণ দেখাতে হাইকোর্ট সরকার ও দুর্নীতি দমন কমিশনের ওপর রুল জারি করে। এই রিটের ওপর তিন দিন শুনানি করে বুধবার রায় দিলেন হাইকোর্ট।
রায়ের অভিমতে আদালত বলেন, দুর্নীতি দমন কমিশন এখন এজাহার দায়ের করে তখন তা শুধু দাপ্তরিক নথিভুক্ত করার জন্যই করে। এটা মামলা দায়ের না। সুতরাং এ পর্যায়ে কমিশনের লিখিত অনুমোদনের প্রয়োজন নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও অনুসন্ধানের কাজ অনুমোদন ছাড়াই চলবে।
আদালত অভিমতে আরো বলে, কমিশনের অনুমোদনের প্রশ্ন আসে মামলার অভিযোগপত্র দাখিল করার পর। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না। তবে দুর্নীতি দমন কমিশন আইনের অধীনে এসব মামলায় কাউকে গ্রেপ্তার করতে হলে সেই ক্ষমতা কমিশনকে ব্যবহার করতে হবে। তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে কমিশন এই ক্ষমতা ব্যবহার করতে পারে।
রিট আবেদনকারী পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, হাবিবুল ইসলাম ভুইয়া ও ওজায়ের ফারুক। কমিশনের পক্ষে ছিলেন সাবেক দুই এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও এ এফ হাসান আরিফ।
