চট্টগ্রাম বন্দর সংযোগ সড়ক উদ্বোধন
চট্টগ্রাম বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত “চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড (সিপিএআর)” উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার।
যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব) এম এ মতিন দুপুরে ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক উদ্বোধন করেন।
এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থ সহায়তায় সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংযোগের জন্য এ বাইপাস সড়কটি নির্মাণ করে।
প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটি পুরোপুরি চালু হলে নগরীকে পাশ কাটিয়ে বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহে সুবিধা হবে। বাইপাস সড়কটি চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংযুক্ত হয়েছে।
সড়কটি ব্যবহারের জন্য প্রতিটি যানবাহনকে ৫০ টাকা টোল দিতে হবে।
এর আগে সকালে যোগাযোগ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ও জেটির ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম ঘুরে দেখেন।
বিকালে বন্দর ভবনে অনুষ্ঠিত সভায় তিনি চট্টগ্রাম বন্দরের সমস্যাগুলো চিহ্নিতকরণ ও গৃহীত পরিকল্পনা অবিলম্বে মন্ত্রণালয়ে পেশ করতে বন্দর চেয়ারম্যান ও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।
বন্দর সূত্র জানায়, বৈঠকে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন বন্দরের সমস্যা ছাড়াও কর্তৃপক্ষের গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো নিয়েও আলোচনা করেন।
চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর স্থাপনের সম্ভাব্যতা ও পতেঙ্গায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। উপদেষ্টা বলেন, দেশ ও জাতির প্রয়োজনে গভীর সমুদ্র বন্দর নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে এবং এটি করা হবে।
তিনি বন্দরে অসংখ্য ট্রেড ইউনিয়নের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বলেন, একটি বন্দরে ৩২টি ট্রেড ইউনিয়ন থাকার কোনো দরকার নেই।
বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন নফহবংি২৪.পড়স -কে বলেন, “উপদেষ্টার কাছে আমরা আরো আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং বন্দরের জেটি ও উজানে ক্যাপিটাল ড্রেজিংয়ের অনুমতি চেয়েছি।”
এনসিটি বেসরকারিখাতে পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে কি না জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “এটা সরকারের ইচ্ছা। প্রাইভেট কিংবা পাবলিক যেটাই হোক না কেন এনসিটিকে দ্রুত পুরোদমে চালু করার অনুমতি চেয়েছি আমরা।”
