২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েস সামিকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

অর্থ কেলেংকারি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কয়েস সামিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচার আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মঙ্গলবার কয়েস সামির আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

গত ২৫ জানুয়ারি ওরিয়েন্টাল ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে কয়েস সামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয। কয়েস সামির পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইঞা।

এদিকে অর্থ কেলেংকারিতে জর্জরিত ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অপর একটি বেঞ্চ এ রিট মামলার রায় প্রদানের জন্য বুধবার তারিখ ধার্য করেছে।

গত ২৮ জানুয়ারি ওরিয়েন্টাল ব্যাংকের চার কর্মকর্তা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ও সাবেক কর্মকর্তা ও বর্তমানে ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবু জাফরের রিট মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য রুলনিশি জারি করে।