২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের আটকাদেশের বৈধতা সম্পর্কে জানতে হাইকোর্টের রুল

চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা সাত দিনের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 04:53 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মামুনের ভাই জালাল উদ্দিন রুমির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন মামুনকে কেন আদালতে হাজির করে মুক্তির আদেশ দেওয়া হবে না। বিষয়টি জানাতে সরকারের স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঢাকার জেলা প্রশাসকের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

আবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্র“য়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে মামুনের পরিবার জানতে পারে যে, মামুনকে নয়া পল্টনের একটি বাসা থেকে ৩১ জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে। মামুনের পরিবারের সদস্যরা এ সংবাদ প্রকাশের পর বিভিন্নভাবে যোগাযোগ করেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।

মামুনের পক্ষে শুনানিতে সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুর উদ্দিন আহমাদ বলেন, ফৌজদারি কার্যবিধির বিধান লংঘন করে গ্রেপ্তারের ছয় দিন অতিবাহিত হলেও মামুনকে কোনো আদালতে হাজির করা হয়নি।

শুনানিতে খন্দকার মাহবুব উদ্দিনকে সহায়তা করেছেন রুহুল কুদ্দুস কাজল ও তৌফিক ইনাম টিপু। সরকার পক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল আতিকুল করিম।