২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ মিল্লাতের বাসা থেকে জমা না দেওয়া অস্ত্র উদ্ধার

যৌথবাহিনীর সদস্যরা জামালপুরের বিএনপি দলীয় সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের ঢাকার বাসায় অভিযান চালিয়ে দুটি জমা না দেওয়া আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 12:55 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

তবে হাওয়া ভবনের ঘনিষ্ঠ বলে পরিচিত রশিদুজ্জামান মিল্লাতকে বাসায় পাওয়া যায়নি।

সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোববার ভোর চারটার দিকে রশিদুজ্জামান মিল্লাতের গুলশান কে ব্লকের ২৮ নং সড়কের ১৫ নাম্বার বাসায় অভিযান চালায়। এসময় তারা একটি টু-টুবোর রাইফেল, একটি সর্টগান এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করে।   

এ ঘটনায় র‌্যাব--৫ এর উপ--সহকারি পরিচালক মোহাম্মদ মশিউর রহমান বাদি হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র লাইসেন্স করা হলেও জব্দকৃত গুলির বিপরীতে তার পরিবারের সদস্যরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।