অনুমোদনবিহীন গুড়ো দুধ ব্যবহারের অভিযোগে আবুল খায়ের গ্র“পকে জরিমানা
বিএসটিআই লাইসেন্স ও পণ্যমান পরীক্ষা ছাড়াই আমদানি করা চিনি ও গুড়োদুধ খাদ্যদ্রব্যে ব্যবহারের দায়ে চট্টগ্রামে ভ্রাম্যমান আদালত আবুল খায়ের কনডেন্সন্ড মিল্ক এণ্ড বেভারেজকে দুই লাখ টাকা জরিমানা করেছে।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী ভ্রাম্যমান আদালতে শুনানি শেষে সোমবার এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালত গত ৩১ জানুয়ারি ভেজালবিরোধী অভিযানে আবুল খায়ের কনসিউমার প্রোডাক্টসের পরীক্ষাবিহীন সাড়ে নয় লাখ মেট্রিক টন বস্তাজাত গুড়ো দুধ আটক করে।
একই অভিযান আরো সোয়া চার লাখ টন মেয়াদোত্তীর্ণ ল্যাকটোজ আটক করা হয়েছিল।
এদিকে, মুনীর চৌধুরীর নেতৃত্বাধীন একই আদালত সোমবার নগরীর ধনিয়ালা পাড়ায় তিনটি অবৈধ গভীর নলকূপ খুঁজে পেয়েছে। এসব নলকূপের সাহায্যে এলাকায় বাণিজ্যিকভাবে পানি সরবরাহ করা হতো।
অবৈধ নলকূপ স্থাপনকারী পাঁচজনকে আটক করে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই আদালত অপর এক অভিযানে নগরীর সাগরিকা সিনেমা হলে অশ্লীল ব্যানার প্রদর্শনের অভিযোগে দুই কর্মকর্তাকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এছাড়া ভাটিয়ারী এলাকায় মেসার্স নাছরিন আলম এন্ড কোং নামক একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন নিম্নমানের ইট উৎপাদনের দায়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে।
