চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
কক্সবাজার সড়কে মইজ্জ্যার টেক এলাকায় সোমবার দুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পোর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন।
নিহতরা হলেন-- বেলা রানী চৌধুরী (৫০), নুরুর ছফা (৩৫) এবং মো. সেলিম (৩০)। প্রত্যেকের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় এবং সবাই টেম্পোতে করে শহরে আসছিলেন। চট্টগ্রামের জামাল খান এলাকার বাসিন্দা বেলা রাণীর স্বামীর নাম গোপাল চৌধুরী।
দুর্ঘটনার তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলী থানার এস আই হোসাইন খান জানান, মইজ্জ্যার টেক এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে চাপা দিলে তিন টেম্পো যাত্রী ঘটনাস্থলে মারা যায়।
আহত শিরিন আখতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এসআই হোসাইন খান জানান, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
কর্ণফুলী থানার কর্তব্যরত কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
