‘হলিডে মার্কেট’ বসবে সপ্তাহে চারদিন
হলিডে মার্কেট আরও তিন দিন রাজধানীর বিভিন্ন জায়গায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, এর আগে শুধু শুক্রবার পাঁচটি জায়গায় ‘হলিডে মার্কেট’ এর ব্যবস্থা করেছিলাম। কিন্তু হকারদের দাবি অনুযায়ী এখন থেকে শনি, রবি এবং মঙ্গলবারও মার্কেট বসবে।
উপদেষ্টা জানান, শনিবার মৌচাক আনারকলি মার্কেটের সামনে, রোববার ইস্টার্ন প্লাজার সামনে এবং মঙ্গলবার গাউছিয়া এরোপ্লেন মার্কেটের সামনে মার্কেটগুলোর বন্ধের দিন হকারদের মার্কেট বসবে।
প্রয়োজনে আরও দু’দিন বাজার বসানোর অনুমতি দেওয়া যেতে পারে বলে জানান উপদেষ্টা। এক্ষেত্রে কর্নফুলী মার্কেট এবং বসুন্ধরা মার্কেটের সামনের সড়কে বাজার চালু করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান আনোয়ারুল ইকবাল।
উপদেষ্টা আনোয়ারুল ইকবাল আরও জানান, ছিন্নমূল হকারদের আবাসন ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এর আগেও ব্যবস্থা করা হয়েছিল তবে প্রকৃত হকাররা এই সুবিধা থেতে বঞ্চিত হয়েছে।
উল্লেখ্য ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করার পর অবৈধভাবে রাস্তার পাশের ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করা শুরু করে সরকার।
১ ফেব্র“য়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজধানীর ৫টি জাগায় (পলাশী--নীলক্ষেত, মতিঝিল আইডিয়াল স্কুল, মিরপুর চিড়িয়াখানা, মানিক মিয়া এভিনিউ ও মৎস ভবনের সামনে) শুক্রবার ছুটির দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ‘হলিডে মার্কেট বসানোর অনুমতি দেওয়া হয়। তবে সেখানে পচনশীল কোনো দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
১৯৮১ সালে হুসাইন মুহাম্মদ এরশাদের সামরিক সরকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার পর সিটি কর্পোরেশন ‘হলিডে মার্কেট’ বসিয়েছিল।
এরপর খালেদা জিয়া এবং শেখ হাসিনার গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে বিভিন্ন সড়কে ‘সান্ধ্যকালীন বাজারের’ (বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত) ব্যবস্থা করা হয়েছিল। সে বাজার প্রতিদিন বসত এবং জনপ্রিয়তাও পেয়েছিল।
