২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫

যশোরের কেশবপুরে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় বাসের চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আরও ২৫ জন। আহতদের কেশবপুর ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 05:37 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

নিহতরা হলেন, বাস চালক মাসুদ (৩৫) ও যাত্রী হায়দার মোল্লা (৬৫)। মাসুদের বাড়ি যশোরের মনিরামপুরে, হায়দারের বাড়ি কেশবপুরের ভরতভায়না গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে কেশবপুর কলেজ গেটের সামনে একটি থেমে থাকা বাসকে ইজতেমা থেকে মুসল্লিদের নিয়ে আসা অপর একটি বাস সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লেগে দুটো বাসই রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই থেমে থাকা বাসটির চালক ও ওই মুসল্লী মারা যান।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে বাসের যাত্রীরা জানিয়েছেন। এছাড়া এসময় থেমে থাকা বাসটির চালক বাসে ঘুমাচ্ছিলেন বলেও তারা জানান।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।