না. গঞ্জে সেলিম ওসমানের বাড়িতে র্যাবের তল্লাশি
নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমানের উত্তর চাষাঢ়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার গভীর রাতে এ তল্লাশী চালানো হয় বলে র্যাবের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
জানা গেছে, যে বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছে সেটিতে তিনি বসবাস করেন না। ২০০১ সালের নির্বাচনের পর থেকেই সেলিম ওসমান ঢাকার ধানমণ্ডিতে একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করছেন। উত্তর চাষাঢ়ার বাড়ি ছাড়াও ওই এলাকায় রয়েছে তার আরও চারটি বাড়ি। তবে সেগুলোতে তল্লাশি চালানো হয়েছে কি না তা জানা যায়নি।
আশপাশে বসবাসকারী কয়েকটি বাড়ির সদস্যরাও তল্লাশি চালানোর কথা নিশ্চিত করেছেন। তারা জানান, রাত ২টার দিকে র্যাব সদস্যরা সেলিম ওসমানের বাড়িটিতে তল্লাশি চালায়। ওই সময় ওই বাড়ির আরও কয়েকটি ফ্ল্যাটে বসবাসকারীদের কাছেও সেলিম ওসমানের খোঁজ খবর নেন তারা।
প্রসঙ্গত, সেলিম ওসমানের বিরুদ্ধে সন্ত্রাসী লালন --পালন এবং ব্যাংকে অর্থ কেলেংকারির অভিযোগ রয়েছে।
কয়েকটি গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, রপ্তানিমুখী গার্মেন্টস উইজড্যাম এ্যাটায়ার্সের মালিক সেলিম ওসমান প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির (এ) অনেক নেতার সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শামীম ওসমান সাংসদ থাকাকালে সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি এবং বিকেএমই এর সহ সভাপতি নির্বাচিত হন। এসময় তিনি নারায়ণগঞ্জের রাজনীতি এবং ব্যবসায়ী সংগঠনগুলোর অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সেলিম ওসমানের আরেক ভাই নাসিম ওসমান জাতীয় পার্টির এমপি ছিলেন।
এ ব্যাপারে নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে সেলিম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খবরটি তিনিও শুনেছেন। তবে দেশের এ অবস্থার প্রেক্ষিতে এ ব্যাপারে কোনো মন্তব্য না করাই ভালো।”
