দুর্নীতিতে জড়িত থাকলে “সর্বোচ্চ নেতাকেও” ধরা হবে: যোগাযোগ উপদেষ্টা
দুর্নীতির সঙ্গে কোনও দলের “সর্বোচ্চ নেতা” জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করবে সরকার। যোগাযোগ উপদেষ্টা রোববার এ কথা সাফ জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন, “চুনোপুটি নয়, তত্ত্বাবধায়ক সরকার ধরবে রুই--কাতলাদের। তারা কোন দলের লোক সেটা দেখা হবে না।”
আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা এ সময় পরিষ্কার জানিয়ে দেন-- “দুর্নীতির সঙ্গে কোনো দলের সর্বোচ্চ নেতা জড়িত থাকলে তাকেও ধরা হবে, এতে অসুবিধার কী আছে।”
জরুরি অবস্থা ঘোষণার পর শনিবার রাতে যৌথবাহিনীর সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযানে ডজনখানেক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদকে আটক করা হয়েছে।
এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে যোগাযোগ উপদেষ্টা বলেন, “আমরা রুই-কাতলাদের নিয়ে ব্যাবসা করব, চুনোপুটি নিয়ে নয়।”
আটক নেতাদের সম্পর্কে তিনি বলেন, “তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সাধারণভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত খবর আমরা এখনো পাইনি।”
তিনি জানান, জরুরি অবস্থার কারণে আইন-শৃংখলা রক্ষা বাহিনীকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া আছে, তারা সে অনুযায়ী কাজ করছে।
