চট্টগ্রামে ১৩০ বস্তা ভেজাল মরিচ উদ্ধার, গ্রেপ্তার ২
দেশের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জে শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ তিনটি ভেজাল মরিচের কারখানা আবিষ্কার করেছে। এসব কারখানা থেকে উদ্ধার করা হয় ১৩০ বস্তা ভেজাল গুড়া মরিচ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি কারখানার মালিক আবদুল মতিন ও জিয়াউদ্দিন জিয়া নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। তবে অপর দুই কারখানার মালিক স্বপন ও হানিফ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এসব কারখানায় গুড়া করার জন্য রক্ষিত অধিকাংশ শুকনো মরিচই ছিল পচা। শুকনো মরিচের গুড়ার সঙ্গে ভুষি ও রং মেশানোর সময় বৃহস্পতিবার রাতে পুলিশ একটি কারখানায় হানা দেয়। এসময় ওই কারখানার মালিক আবদুল মতিন ও জিয়াউদ্দিন জিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সকালে দুইটি কারখানায় পুলিশ অভিযান চালিয়ে বাজারজাত করার জন্য প্রস্তুত ১৩০ বস্তা ভেজাল মরিচের গুড়া উদ্ধার করে।
পুলিশের জিসাজ্ঞাবাদে কারখানা মালিক আব্দুল মতিন জানান, মরিচের গুড়া ও ভুষির সাথে মেশানোর জন্য তিনি আসাদগঞ্জের একটি দোকান থেকে লাল ও কমলা রং কিনেছেন। ইচ্ছাকৃতভাবে এভাবে মরিচে ভেজাল মেশাননি দাবি করে তিনি জানান, বিক্রেতাদের অর্ডার অনুযায়ীই তিনি এসব করেছেন।
কোতোয়ালী থানার কর্তব্যরত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং অপর দুই মালিককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
