নোয়াখালীতে গ্রামীণ ফোনের ডিলার ও কর্মচারি খুন
নোয়াখালীর মাইজদিতে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন গ্রামীণ ফোনের ডিলার ফিরোজ আমিন মিরন (৩২) ও দোকানের কর্মচারি সুমন (২৫)। নিহত মিরনের ছোট ভাই রুবেল (২৮) কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রুবেলে বরাত দিয়ে তার বাবা বাবুল মিয়া নফহবংি২৪.পড়স --কে জানান, মিরন, রুবেল ও সুমন রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। পথে মাইজদী নতুন বাসস্ট্যান্ডের সামনে একটি মাইক্রোবাস তাদের রিকশার গতিরোধ করে। আরোহীরা নিজেদের আইন-- শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দেয় এবং তাদের গাড়িতে তুলে নেয়। এর কিছুক্ষণ পর মিরন ও রুবেলকে মাইজদী বাজারে প্রধান সড়কে রক্তাক্ত অবস্থায় এবং সুমনকে টেলিফোন সেন্টারের পাশের রাস্তায় মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। রুবেল ও মিরনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ভোর রাতে মিরনের মৃত্যু হয়। রুবেল ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হোসেনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বলেন, এখনও কিছুই জানেন না। লাশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার এ ঘটনার প্রতিবাদে পৌর বণিক সমিতির উদ্যোগে জেলা শহরে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করেছেন ব্যবসায়ীরা।
