২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো একুশের বইমেলা

বাঙালির সময়জ্ঞানের বড়ই অভাব - এ অপবাদকে মিথ্যে প্রমাণ করে অমর একুশে বইমেলা ২০০৭ এর যাত্রা শুরু হলো বিকেল ঠিক সাড়ে তিনটায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

“দুর্নীতিবাজ, সন্ত্রাসী, কালো টাকার মালিক আর সুবিধাবাদী ক্ষমতালোভীদের নয় - জ্ঞানী গুণী ত্যাগী নিবেদিত আর সৎ যোগ্য মানুষের নেতৃত্বে একটি ন্যায়বিচার ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আসুন, আমরা বায়ান্ন আর একাত্তরের মতো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি, একযোগে কাজ করি” -- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এ আহবান জানিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় উদ্বোধন করেন বাংলা একাডেমী প্রাঙ্গনে বাঙালির এই প্রাণের মেলার।

ওই সময়টায় চারপাশের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পুলিশ, সেনাবাহিনী, বিডিআর ও এসএসএফসহ নিরাপত্তার কাজে নিয়োজিতদের ব্যস্ততায় সবার ত্রাহি মধুসূদন অবস্থা। একেকবার একেক নিয়ম। একবার একজন বলছেন অমুক স্পেশাল কার্ড ছাড়া ভেতরে ঢোকা যাবে না, আবার অন্যজন বলছেন -  আচ্ছা ঠিক আছে ঢুকে পড়–ন ভেতরে। তিন প্রস্থ তল্লাশির পর লম্বা লাইন ধরে ঢুকছেন সবাই। আমন্ত্রণ পত্রে স্পষ্ট লেখা আছে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ। কিন্তু ওখানে নিরাপত্তারক্ষীদের কাউকেই মোবাইলের বিষয়ে আপত্তি জানাতে দেখা গেলো না।

তিনটা বাজার আগে আগেই মঞ্চের সামনে দাঁড়িয়ে পড়লো সঙ্গীত দল। ঠিক তিনটায় এলেন প্রধান উপদেষ্টা। এসেই সোজা মঞ্চে উঠে গেলেন তিনি । সঙ্গে সঙ্গে শুরু হলো অনুষ্ঠান। প্রথমেই জাতীয় সংগীত। সবাই উঠে দাঁড়িয়ে কোরাসে গলা মেলালেন। তারপর একে একে হলো সূচনা সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি....’ এবং কোরআন তেলাওয়াত। এরপর আবারও সবার উঠে দাঁড়ানোর পালা। ভাষা শহীদদের উদ্দেশে এক মিনিটের নীরবতা পালন।

এবার ভাষণ পর্ব। প্রথমেই স্বাগত ভাষণ দিতে এলেন বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মইনুল হাসান। বাংলা ভাষার অপব্যবহার নিয়ে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ বিশ্বায়নের নামে বাংলা ভাষার বাণিজ্যিকীকরণ কোনোভাবেই আমাদের কাম্য হতে পারে না। বাংলা ভাষার প্রমিত রূপটি যাতে হারিয়ে না যায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আবু তাহের তার বক্তব্যে প্রকাশনাকে একটি শিল্প হিসাবে ঘোষণার দাবি জানান। সেইসঙ্গে তিনি কাগজ আমদানিতে অতিরিক্ত শুল্কের বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আইয়ূব কাদরী বলেন, “ বইমেলা হলো আমাদের বুদ্ধিবৃত্তির চর্চার অন্যতম ক্ষেত্র। এর মাধ্যমে এক লেখকের সঙ্গে অন্য লেখকের সেতুবন্ধন তৈরি হয়। প্রযুক্তির উৎকর্ষের কারণে আধুনিক প্রজন্ম বই থেকে কিছুটা দূরে সরে গেলেও ভালো বইয়ের অবদান কখনোই শেষ হয় না। নতুন প্রজন্মকে বইয়ের বিষয়ে আগ্রহী করে তুলতে কাজ শুরু করতে হবে আমাদের নিজ গৃহ থেকে।”

আন্তর্জাতিক মাতৃভাষার মাস এই ফেব্রুয়ারিতে তিনি আমাদের দেশের অন্য ভাষাভাষী লোকজনের কথা স্মরণ করে বলেন, “আদিবাসীদের ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা দেখাতে হবে। আমাদের জন্য সবচেয়ে সুখকর হবে যদি এবারের বইমেলায় তাদের কোন বই প্রকাশিত হয়।”

বক্তব্যের পালা শেষ হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফখরুদ্দীন আহমদ। উদ্বোধনি ভাষণে তিনি বলেন, “বইমেলায় জ্ঞানের প্রতি যে কৌতূহল, মানুষে মানুষে যে সম্প্রীতি আর ঐক্য আমরা দেখি  -  আমার বিশ্বাস, এটিই আমাদের জাতির অন্তর্নিহিত শক্তি। আমাদের এই ঐক্য ও শক্তিকে যে কোন মূল্যে অটুট রাখতে হবে।”

তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সহায়তা আমাদের সংস্কৃতিকে দিতে পারে একটি মজবুত কাঠামো। প্রধান উপদেষ্টা সে দিকটি উল্লেখ করে বলেন, “বাংলা একাডেমী কর্তৃপক্ষকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে একাডেমী প্রকাশিত সকল বই - পুস্তক, প্রাচীন দলিল-- দস্তাবেজ ইত্যাদি সংরক্ষণ করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলবো। ভবিষ্যতে এই প্রাচীন দলিল -- দস্তাবেজগুলো যাতে ওয়েবসাইট বা অনলাইনে পাওয়া যায় সেই আধুনিক ব্যবস্থা গ্রহণে আমি তাদের এখনই উদ্যোগী

হতে বলবো।”

ভাষণ শেষে প্রধান উপদেষ্টা উদ্বোধনী স্মারকে স্বাক্ষর করেন। এরপর তিনি মেলা চত্বরে অবস্থিত ভাষা শহীদ ভাস্কর্য ‘মোদের গরব’ উদ্বোধন করেন।