পরিস্থিতি উন্নয়নে করণীয় সবই করা হবে: উপদেষ্টা আনোয়ারুল ইকবাল
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পুলিশের সাবেক প্রধান আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার বলেছেন, সীমিত সময় ও ক্ষমতা সত্ত্বেও দেশের অবস্থা ও পরিস্থিতি উন্নয়নে তত্ত্বাবধায়ক সরকারের যা যা করণীয় তার সবই করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে ‘গড ফাদার’ দের অবশ্যই ধরা হবে, দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
তিনি বলেন, দেশের আইন -- শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হবে।
সাবেক উপদেষ্টা ও সাবেক পুলিশ প্রধান এসএম শাহজাহান উপদেষ্টা আনোয়ারুল ইকবালের বক্তব্যে সমর্থন জানান এবং আশা প্রকাশ করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।”
দুর্নীতিবাজদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
বর্তমান পুলিশ প্রধান নূর মোহাম্মদ ছাড়াও এ অনুষ্ঠানে সাবেক পুলিশ প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক, মতিউর রহমান, মোদাব্বির হোসেন চৌধুরী, ডিএমপি কমিশনার নাঈম আহম্মেদ প্রমুখ।
