ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সরকারও চিন্তিত ও উদ্বিগ্ন। দ্রব্যমূল্য পরিস্থিতিকে 'বাস্তবতা' আখ্যায়িত করে তিনি বলেন, মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
নিজের দায়িত্বে থাকা চারটি মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিষয়ে সোমবার বিকেলে উপদেষ্টা মইনুল হোসেন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি উল্লিখিত অভিমত দেন।
মইনুল হোসেন বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছু করা উচিত, এটা আমরাও বলছি। কিন্তু এটা একটা বাস্তবতা। আমাদের চাল আমদানি করা প্রয়োজন। কিন্তু ভারত চালের দাম বাড়িয়ে দিয়েছে। তারপরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন।'
তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপদেষ্টা তার মন্ত্রণালয় ছাড়াও সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "আমরা তো বলিনি যে নির্বাচন দেবো না, আমরা নির্বাচন দিতে চাই। এজন্য সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। তবে নির্বাচন জরুরি অবস্থার মধ্যে হবে, নাকি জরুরি অবস্থা প্রত্যাহার করে করা হবে তা পরিবেশ ও পরিস্থিতির নির্ভর করবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে।"
মইনুল আরও বলেন, "রাজনৈতিক সরকারগুলোই যেখানে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে নির্বাচন করেছে, সেখানে আমাদের এ বিষয়ে আরো ভাবতে হবে।"
তিনি বলেন, জনগণের কোন ম্যান্ডেট না থাকলেও তারা যাতে একটি সৎ সরকার পায়, আমরা সেজন্য চেষ্টা করছি। যে কারণে তিন মাসের জন্য এলেও আমাদের দুই বছর ক্ষমতায় থাকতে হচ্ছে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জরুরি অবস্থা অব্যাহত রাখেনি-এ মন্তব্য করে মইনুল হোসেন বলেন, "জরুরি অবস্থা জারির পর দেশে শান্তি ফিরে এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং হিংসা ও ধ্বংসাত্মক রাজনীতি দূর হয়েছে। এ অবস্থা টিকিয়ে রাখতেই জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৪৭ঘ.
bdnews24