রংপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) নতুন চেয়ারম্যান ডি এম মওদুদ চৌধুরী বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে মোবাইল ফোন আপারেটরদের চেয়ে গ্রাহকদের বেশি সুবিধা দেবেন তারা। এজন্য এরই মধ্যে টিঅ্যান্ডটির টেলিফোন সংযোগ ও কল রেট কমানো হয়েছে।
শনিবার সকালে রংপুরে টেলিফোন বিভাগের আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
টিঅ্যান্ডটির আধুনিকায়ন প্রসঙ্গে মওদুদ চৌধুরী বলেন, "এখন ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক কম সময়ে, কম খরচে বিল দিতে পারছেন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে টেলিটকের নেটওয়ার্কের ৯০ ভাগ সমস্যা দূর করা হবে। টিঅ্যান্ডটিকে সত্যিকার অর্থে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছি আমরা।"
টিঅ্যান্ডটির কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, "কোনো অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগ পেলেই দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি জানান, গ্রাহক সংখ্যা যখন সোয়া তিন লাখ ছিল তখন টিঅ্যান্ডটিতে কর্মকর্তা-কর্মচারী ছিলেন ২০ হাজার। কিন্তু এখন গ্রাহক তিনগুণ বাড়লেও কর্মী সংখ্যা কমে হয়েছে ১৩ হাজার। এতো কম লোকবল দিয়ে ভাল সেবা দেওয়া কষ্টকর।
মতবিনিময়ের আগে মওদুদ চৌধুরী রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৩২ ঘ.
bdnews24