২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপির দাবি, এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে

বিগত কয়েক বছরের তুলনায় ২০০৭ সালে সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 01:26 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- বিগত কয়েক বছরের তুলনায় ২০০৭ সালে সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) বার্ষিক সাধারণ সভায় (২০০৫-০৬) প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মহাপরিদর্শক বলেন, "বিগত বছরগুলোর তুলনায় এ বছর খুন-ডাকাতি অনেক কমে এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ ছয় নেতার ফাঁসি কার্যকর করার পর থেকে দেশে চমৎকার পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশের সাফল্যের কথা পুলিশের মুখ দিয়ে বললে তো আর হবে না; এর সুফল পেয়ে জনগণ যদি বলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তাহলেই পুলিশি কার্যক্রমের প্রকৃত অবস্থান বোঝা যাবে।" বৃহস্পতিবার পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো নিহত হওয়ার পর এখানে কি ধরনের নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "খবরটি শোনার সঙ্গে সঙ্গে সারা দেশে পুলিশের সবক'টি ইউনিটকে সতর্ক করে দেয়া হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে র‌্যাব, পুলিশ, আনসার ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী এবং সন্দেহভাজনদের দেহ তল্লাশী করা হচ্ছে।" রাজধানীর কূটনীতিক পাড়ার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, "প্রত্যেকটি দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।" দেশের যেসব এলাকায় আটকে পড়া পাকিস্তানিরা রয়েছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে নূর মোহাম্মদ বলেন, "তাদের মধ্যে পাকিস্তানের প্রতি আগের মতো অনুভূতি আর নেই। তাদের অধিকাংশই এখন উর্দুর পরিবর্তে বাংলায় কথা বলেন। তারপরও যেসব এলাকায় পাকিস্তানিরা রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছি আমরা।" বার্ষিক সাধারণ সভার ভাষণে নূর মোহাম্মদ বলেন, "আমরা পুলিশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। পুলিশ সদস্যদের জন্য একটি স্বতন্ত্র 'পুলিশ ব্যাংক' স্থাপনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া বিভাগীয় সদর দপ্তরগুলোতে ছয়টি আবাসন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।" উপ-মহা পরিদর্শক (অর্থ ও উন্নয়ন) বেনজীর আহমেদের সভাপতিত্বে সোসাইটির সাধারণ সভায় ২০০৫-০৬ অর্থ বছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। অন্যান্যের মধ্যে পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) ও সোসাইটির ব্যাবস্থাপনা পরিচালক নব বিক্রম কিশোর ত্রিপুড়া, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশিক্ষণ) মো. সাজ্জাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএ/১৯২০ঘ.