ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঈদের পর রাজধানীর পাইকারী ও খুচরা বাজারে শাক-সব্জির দাম কমেছে। শীতের সব্জি হিসেবে পরিচিত প্রতিটি পণ্যের দাম কেজিতে সর্বোচ্চ ১৫ থেকে ১০ পর্যন্ত কমেছে। কোনো কোনো পণ্যের দাম আবার অর্ধেকে নেমে এসেেেছ।
শুক্রবার কারওয়ান বাজার, নিউমার্কেট, রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, শ্যামলীসহ কয়েকটি কাঁচাবাজারে গিয়ে শাক-সব্জির দাম কমার এসব তথ্য জানা যায়। এছাড়াও বাংলাদেশ রাইফেলসের ন্যায্যমূল্যের দোকানগুলোতেও একই হারে শাক-সব্জির দাম কমেছে।
খুচরা বাজারে শুক্রবার প্রতিকেজি সিম ১২ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, আলু ২০ টাকা, টমেটো ২০ টাকা, মুলা ৮ টাকা, গাজর ১৮ টাকা, পেঁপে ১০ টাকা, শালগম ৮ টাকা, গোল বেগুন ২৮ টাকা, লম্বা বেগুন ১৬ টাকা, করলা ১৮ টাকা, উচ্ছে ২০ টাকা, বরবটি ২০ টাকা এবং কাঁচা টমেটো ৮ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতিটি ফুলকপি ৮ থেকে ১০ টাকা, বাঁধাকপি ১০ টাকা ও লাউ ১৮ থেকে ২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
বাজারগুলোতে এক মুঠো আঁটি লালশাক ৩ টাকা, পালং শাক ৩ টাকা, ডাঁটাশাক ২ টাকা এবং মাঝারি আকারের ডাটা বিক্রি হয়েছে ৪ টাকা আঁটি।
শাক বিক্রেতা মইনুল জানালেন, ঈদের আগে এ সব শাক এর চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয়েছে।
ধানমণ্ডি ১৫ নম্বরে অবস্থিত বিডিআরের ন্যায্যমূল্যের দোকানে গিয়েও দেখা গেছে প্রায় একই রকম দামে বিক্রি করা হচ্ছে ওইসব শাক-সব্জি।
ওই দোকানের পরিচালক মো. মাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"কয়েকদিন আগেও আমরা প্রতিটি ফুলকপি ১৫ টাকা, লাউ ৩০ টাকা, প্রতিকেজি সিম ২৫ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা ও টমেটো ৪০ টাকায় বিক্রি করেছি। এখন এসবের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।"
নিউমার্কেট কাঁচাবাজার থেকে কেনাকাট করে বাসায় ফেরার পথে চাকুরিজীবী আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এই প্রথম মনে হচ্ছে এখন শীতের শাক-সব্জির সময়। এতদিন বেশি দামের কারণে শাক-সব্জি কিনতে পারিনি। আজ দাম কম বলে অনেক কিছুই কিনেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৩২৪ ঘ.
bdnews24