ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সে পুরাকীর্তি পাঠানোর জন্য চুক্তি করার ক্ষেত্রে আইন সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে মন্ত্রীপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি।
এছাড়া পুরাকীর্তিগুলো বিমান বন্দরে পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল কি না তা-ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগে কমিটির প্রথম বৈঠক শেষে সচিব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "প্রথম দিন আমরা কাজের ধরন নিয়ে আলোচনা করেছি। প্রতিবেদন দেয়ার জন্য আমাদের ১৫ দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যেই নির্ধারিত সব কাজ শেষ করতে হবে। এ জন্য আমাদের আরো কয়েক বার বসতে হবে।"
সচিব জানান, ২০০৭ সালেই পুরাকীর্তিগুলো ফ্রান্সে পাঠানোর বিষয়ে চুক্তি হয়।
বুধবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান হিসেবে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ছাড়াও কমিটির সদস্য স্বরাষ্ট্র, শিক্ষা ও সংস্কৃতি সচিব এবং এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক এ সভায় অংশ নেন। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যুগ্ম সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এসকে/২৩১২ঘ.
bdnews24