ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ও গাজীপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় বাসচাপায় নিহত হয় একটি মোটর সাইকেলের তিন আরোহী। অপরদিকে গাজীপুরে পৃথক দুর্ঘটনায় মারা যায় চার জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বুধবার সকাল ৮টার দিকে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিন জন নিহত হয়।
নিহতদের মধ্যে দুই জন পথচারী এবং অপর জন বাস আরোহী। দুর্ঘটনায় আহত হয় ২৬ জন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার রেনেসাঁ গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে বাসটি কারখানায় যাওয়ার পথে একটি সেতুতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঠিক আগে সড়কের নিরাপত্তা পিলারের ওপর উল্টে যায়। পাশে গভীর খাদ খাকলেও পিলারের বাধায় এটি খাদে পড়া থেকে রক্ষা পায়।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আমিনুল ইসলাম (৫০) ও রিপন মিয়া (২২)।
নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৩৫। তার পরিচয় মেলেনি।
দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রীই আহত হয়। এর মধ্যে ২৬ জনকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচ জনকে পরে ঢাকায় পাঠানো হয়।
এদিকে কাছাকাছি সময়ে একই মহাসড়কে নাওজোড় এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পথচারী (৪০) ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, শ্যামনগর-নূরনগর সড়কে বুধবার সকালে বাসচাপায় একটি মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
শ্যামনগর উপজেলার সোমালিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তিনি জানান, শ্যামনগরগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে চাপা
দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী মারা যায়। তারা হলো, শ্যামনগর উপজেলার চণ্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম ও একই উপজেলার নুরনগর গ্রামের আব্দুল জলিল ঢালী।
দুর্ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক শ্যামনগর উপজেলার বাঁধোঘাটা গ্রামের শাহীন গাজীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাসটি আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৯ ঘ.
bdnews24