২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিজয় টিভি মামলা'য় মেয়র মহিউদ্দিনকে আদালতে হাজির

বিজয় টিভি সংক্রান্ত দুর্নীতির মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বুধবার চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে। এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন বুধবার নির্ধারণের কথা থাকলেও সে তারিখ ধার্য করা হয়নি। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান আগামী ১ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের শুনানির তারিখ ওই দিনই নির্ধারণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 07:44 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় টিভি সংক্রান্ত দুর্নীতির মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বুধবার চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে। এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন বুধবার নির্ধারণের কথা থাকলেও সে তারিখ ধার্য করা হয়নি। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান আগামী ১ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের শুনানির তারিখ ওই দিনই নির্ধারণ করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পলাতক আসামি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলমের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রজ্ঞাপন (গেজেট নোটিফিকেশন) বুধবার পর্যন্ত জারি না হওয়ায় বিচারক আগামী ১ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। গেজেট নোটিফিকেশন জারি হলে আগামী ১ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করা হবে। আদালত ১ জানুয়ারি আসামিদের হাজির করানোরও নির্দেশ দিয়েছেন বলে অ্যাডভোকেট জহিরুল হক জানান। মেয়র মহিউদ্দিনের পাশাপাশি মামলার অপর আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীকেও বুধবার আদালতে হাজির করা হয়। এ মামলায় মেয়রসহ মোট আসামি তিন জন। মেয়র মহিউদ্দিনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত মঙ্গলবার সড়ক পথে চট্টগ্রাম কারাগারে আনা হয়। সেখান থেকে বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় মেয়র মহিউদ্দিনকে গত ৪ ডিসেম্বরও চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। বিজয় টিভি নামে একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার নামে সিটি কর্পোরেশনের ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক), চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বাদি হয়ে গত ২৭ মে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গত ২২ নভেম্বর মেয়রসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৩১ ঘ.