ঢাকা, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সার্ক ফুড ব্যাংক চালুর প্রক্রিয়া থমকে থাকায় বাংলাদেশ সিডর-পরবর্তী সংকট মোকাবেলায় উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্য পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থার এ ব্যাংকটি চালু হলে এর সম্ভাব্য মজুত ২ লাখ ৪১ হাজার ৫৮০ মেট্রিক টন খাদ্যশস্য ঋণ হিসেবে পেতে পারতো বাংলাদেশ।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্কের সদস্য দেশগুলো ফুড ব্যাংক চালু করেনি। ফলে বাংলাদেশও এসংক্রান্ত কার্যক্রম শুরু করেনি"।
তিনি বলেন,"কয়েকটি সদস্য দেশ এই চুক্তি নিয়ম অনুযায়ী পুনঃঅনুমোদন করেনি বলে ব্যাংকটির কার্যক্রম শুরু হচ্ছে না"।
উপদেষ্টা বলেন, "সার্ক ফুড ব্যাংকের কার্যক্রম চালু হলে এ মূহুর্তে তা বাংলাদেশের জন্য খুব উপকারে আসতো। মূলত এরকম পরিস্থিতির জন্যই এ ধরণের ব্যাংক তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে"।
চলতি বছর দিল্লীতে অনুষ্ঠিত চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলো সার্ক ফুড ব্যাংক গঠন করার সিদ্ধান্ত নেন। এপ্রিল মাসের ৪ তারিখে সদস্য দেশগুলোর খাদ্যমন্ত্রীরা এ সংক্রান্ত সনদে স্বাক্ষর করেন। বাংলাদেশের খাদ্য উপদেষ্টা সম্মেলনে না যাওয়ায় পররাষ্ট্র উপদেষ্টা এতে স্বাক্ষর করেন।
খাদ্য উপদেষ্টা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে খাদ্যাভাব দেখা দিলে ফুড ব্যাংকে মজুদ খাদ্যশস্য থেকে সদস্য দেশগুলো ধার নিতে পারবে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঐ দেশ ব্যাংককে আবার সমপরিমাণ খাদ্যশস্য ফেরত দেবে। সদস্য দেশগুলো নিজ নিজ দেশেই ব্যাংকের খাদ্য মজুদ রাখবে। প্রয়োজন হলে সেই খাদ্য সদস্যদেশে পাঠানো হবে।
তিনি বলেন, সার্ক ফুড ব্যাংকে ভারত সবচেয়ে বেশি খাদ্যশস্য মজুদ রাখবে বলে সিদ্ধান্ত হয়েছে। অন্য দেশগুলোর মধ্যে নতুন সদস্য আফগানিস্তান ব্যাংকে খাদ্য মজুদ রাখার বিষয়ে কোন প্রতিশ্র"তি দেয়নি।
ভারত ১ লাখ ৫৩ হাজার ২শ মেট্রিক টন, বাংলাদেশ ও পাকিস্তান প্রত্যেকে ৪০ হাজার মেট্রিক টন, শ্রীলংকা ৪ হাজার মেট্রিক টন, নেপাল ৪ হাজার মেট্রিক টন ,মালদ্বীপ ২শ' মেট্রিক টন এবং ভুটান ১৮০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে সম্মতি দিয়ে সনদে স্বাক্ষর করেছে।
এধরনের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সদস্য দেশগুলো নিজ নিজ দেশে চুক্তি পুনঃঅনুমোদন (র্যাটিফাই) করিয়ে নিয়ে থাকে। বাংলাদেশ এটি করলেও কয়েকটি সদস্য দেশই এখনো করেনি। এ জন্য এই ব্যাংকের কার্যক্রম এখন পর্যন্ত চালু হয়নি।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারের কাছে ৬ লাখ ২০ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজন ১৯ লাখ মেট্রিক টন। এর মধ্যে ভারত কয়েক দফায় ৫ লাখ মেট্রিক টন চাল বাংলাদেশের কাছে বিক্রি করার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে সার্ক ফুড ব্যাংক সরকারকে দুর্যোগ মোকাবেলার কাজে কিছুটা হলেও এগিয়ে নিতে পারতো বলে খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসকে/১২২৯ঘ.
bdnews24