মৌলভীবাজার, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা নির্ধারিত ফি'র অতিরিক্ত টাকা ফেরত দিতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে সিলেট শিক্ষাবোর্ড।
বোর্ডের সচিব অধ্যাপক মো. সেলিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন বলেন, "৩১ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়ে বোর্ডকে জানাতে হবে। কিছু কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা ফেরত দিয়ে বোর্ডকে ইতিমধ্যেই অবহিত করেছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ফেরত দেবে না সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
গত ৫ নভেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, 'শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের কাছ থেকে সেশন বহির্ভূত টিউশন ফি ও অন্যান্য অননুমোদিত ফি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে বিধি বহির্ভূতভাবে ফি নেয়া থেকে বিরত থাকার জন্য স্কুলগুলোকে নির্দেশ দিয়ে বলা হয়, সেশন বহির্ভূত অতিরিক্ত ফি গ্রহণ করা হয়ে থাকলে তা ফেরত দিতে হবে। এছাড়া সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা না না নিতেও নির্দেশ দেয়া হয়।
৯ ডিসেম্বর স্বাক্ষরিত আরেকটি চিঠিতে শিক্ষার্থীদের কাছা থেকে বোর্ডের ধার্য করা ফি এর সঙ্গে বিধি বহির্ভূতভাবে নেয়া অতিরিক্ত টাকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফেরত দিয়ে বোর্ডকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
মৌলভী বাজারের একটি স্কুলের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, গত ৫ নভেম্বরের চিঠিতে সেশন ফি বহির্ভুত সব ফি নেয়ার জন্য বলা হয়েছিল। অথচ ৯ ডিসেম্বরের চিঠিতে সেশন ফিও ফেরত দিতে বলা হয়েছে। এ দ্বিমুখী সিদ্ধান্তের কারণে সিলেট শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন জানান, ২০০৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান শাখার শিক্ষার্থীর জন্য ৭৩০ টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার জন্য ৬৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি ২০০ টাকা। এর সঙ্গে শুধুমাত্র মাসিক বেতন টিউশন ফি হিসাবে নেওয়া যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24