২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর ষড়যন্ত্র অথবা ছিঁচকে চুরি: ফ্রান্স

বিমানবন্দর থেকে পুরাকীর্তি খোয়া যাওয়ার ঘটনাকে 'একটি ক্ষুদ্র গোষ্ঠীর ষড়যন্ত্র' অথবা 'ছিঁচকে চুরি' হিসেবে আখ্যায়িত করেছে ফ্রান্স। একইসঙ্গে দাবি করেছে, পুরাকীর্তির চালান বিমানে তোলার কয়েক ঘণ্টা আগে বিমানবন্দরের সার্ভিস এরিয়া থেকে মূর্তিগুলো চুরি হয়। ফরাসি সরকারের পক্ষ থেকে সোমবার এক প্রতিক্রিয়ায় আরও বলা হয়, 'বাংলাদেশ ও ফ্রান্সকে বিব্রত করার জন্যই' এই মূর্তি চুরির ঘটনা ঘটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিমানবন্দর থেকে পুরাকীর্তি খোয়া যাওয়ার ঘটনাকে 'একটি ক্ষুদ্র গোষ্ঠীর ষড়যন্ত্র' অথবা 'ছিঁচকে চুরি' হিসেবে আখ্যায়িত করেছে ফ্রান্স। একইসঙ্গে দাবি করেছে, পুরাকীর্তির চালান বিমানে তোলার কয়েক ঘণ্টা আগে বিমানবন্দরের সার্ভিস এরিয়া থেকে মূর্তিগুলো চুরি হয়। ফরাসি সরকারের পক্ষ থেকে সোমবার এক প্রতিক্রিয়ায় আরও বলা হয়, 'বাংলাদেশ ও ফ্রান্সকে বিব্রত করার জন্যই' এই মূর্তি চুরির ঘটনা ঘটানো হয়েছে। ঢাকার ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া বিমানবন্দরের টারমাকে পুরাকীর্তিগুলো নজরদারিহীন অবস্থায় ছিল। যারা এগুলো ধার দিচ্ছে এবং যারা নিচ্ছে তাদের কারোরই নিয়ন্ত্রণ ছিল না সেখানে। ফরাসি সরকারের পক্ষ থেকে এমন এক সময় এই প্রতিক্রিয়া জানানো হলো যখন পুলিশ, র‌্যাব ও কুরিয়ার প্রতিষ্ঠান হোমবাউন্ড সবাই বলছে, বিমানবন্দরে এয়ার ফ্রান্সের কাছে হস্তান্তরের পরই পুরার্কীতিগুলি খোয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এটি একটি নিছক ছিঁচকে চুরির ঘটনা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে ফ্রান্স সরকার মনে করে, পুরাকীর্তি উধাওয়ের এই ঘটনা যথেষ্ট সন্দেহজনক। এমনও হতে পারে যে বাংলাদেশ ও ফরাসি সরকারকে বিব্রত করার জন্যই একটি ক্ষুদ্র গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে এটা ঘটিয়েছে। বাংলাদেশের কিছু শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও পুরাতত্ত্ব বিশেষজ্ঞ শুরু থেকেই এসব মূল্যবান পুরাকীর্তি ফ্রান্সে পাঠানোর বিরোধিতা করে আসছিলেন। তাদের উদ্দেশ্য করে ফ্রান্স দূতাবাস বলেছে, পুরাকীর্তির চালানটি যদি নির্দিষ্ট সময়ে রওনা হতো এবং দায়িত্বপ্রাপ্ত কুরিয়ার কর্র্তৃপক্ষ যদি আগেই চালানটি পরীক্ষা না করতো, তাহলে পুরাকীর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়তো প্যারিস পৌঁছানোর পর। আর সেক্ষেত্রে ওই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী গোষ্ঠি এ ঘটনার জন্য ফরাসি সরকারকেই দায়ী করতো। বিজ্ঞপ্তিতে ফরাসি সরকারের পক্ষ থেকে পুরাকীর্তি ফ্রান্সে পাঠানোর ক্ষেত্রে বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করা হয়। অবশ্য খোয়া যাওয়া পুরাকীর্তি উদ্ধারে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে ফ্রাস বলেছে, খোয়া যাওয়া মূর্তিগুলো দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে তারা। প্যারিসের গিমে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য গত ২১ ডিসেম্বর ঈদের দিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় জাদুঘর থেকে পুরাকীর্তির শেষ চালানটি জিয়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ১৩টি কার্টনে ১৪৫টি পুরাকীর্তি 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস' এর চারটি ট্রাকে বিমানবন্দরে নেওয়া হয়। বিমানবন্দর থেকে একটি কার্টন শুক্রবার রাতে খোয়া যায়। এয়ার ফ্রান্সের একটি কার্গো বিমানে পুরাকীর্তিগুলো পাঠানোর কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২০৮১ ঘ.