২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ছাত্র বিক্ষোভের দুই মামলার বাদির সাক্ষ্যগ্রহণ

ছাত্র বিক্ষোভের দুই মামলায় আদালতে বাদিদ্বয়ের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা মামলা দুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থী অভিযুক্ত। সোমবার মামলা দুটির বাদি দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৩১ ডিসেম্বর মামলা দুটির কার্যক্রমেরই পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের দুই মামলায় আদালতে বাদিদ্বয়ের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা মামলা দুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থী অভিযুক্ত। সোমবার মামলা দুটির বাদি দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৩১ ডিসেম্বর মামলা দুটির কার্যক্রমেরই পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। এদিকে মামলা দুটির বিচার কাজ একই আদালতে চালানোর জন্য আবেদন জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটি মামলার এবং মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে পৌনে ২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অপর মামলার বাদিকে জেরা করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় অভিযুক্ত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, হারুন আর রশিদ, সদরুল আমিন, নিমচন্দ্র ভৌমিক এবং শিক্ষার্থী মনিরুজ্জামান সরদার রুবেলকে আদালতে হাজির করা হয়। শাহবাগ থানায় দায়ের করা ৫৪ নম্বর মামলার বাদি নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শওকত আহমেদের সাক্ষ্যগ্রহণ হয় বিচারক গোলাম রাব্বানীর আদালতে। একই থানার ৫৩ নম্বর মামলার বাদি শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম খানের সাক্ষ্য গ্রহণ হয় বিচারক হাবিবুর রহমানের আদালতে। মামলা দুটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আদালতে আইনজীবীদের জেরার মুখে শওকত আহমেদ জানান, ঘটনার সময় তিনি নীলক্ষেত পুলিশ ফাঁড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে ফাঁড়িতেই অবস্থান করছিলেন। দোয়েল চত্বর, শাহবাগ মোড়, টিএসসি, চারুকলার সামনের ঘটনা তিনি নিজের চোখে দেখেননি। অপর মামলার বাদি এসআই রেজাউল জেরার সময় অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এর আগে গত ১৭ এবং ১৯ ডিসেম্বর দুই মামলার বাদির আংশিক সাক্ষ্য নেয়া হয়। সোমবার মামলার বিচার কাজ চলার সময় অভিযুক্ত শিক্ষকদের স্বজনরাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাজমেরী এস ইসলাম, শিক্ষক সৌমিত্র শেখর, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষক আদালতে হাজির ছিলেন। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা দুটির সাক্ষ্য গ্রহণ এক আদালতে নেয়ার জন্য আবেদন করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর সে আবেদনের শুনানির দিন ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় ২৩ আগস্ট জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অধ্যাপক সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক পরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। ২৩ আগস্ট দায়ের করা এ দ্ুিট মামলায় গত ৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এএসআই শওকত আহমেদের দায়ের করা মামলায় ১১ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। পরদিন অপর মামলার অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৩৫ ঘ.