সাভার, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে র্যাব ও পুলিশের সোর্স আলম খান ইনছু হত্যার সঙ্গে জড়িত অভিযোগে শনিবার গভীর রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আলী হোসেন (৩২) নামের ওই ব্যক্তিকে চাঁপাইন এলাকার নিজের বাসা থেকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে।
শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বাস স্ট্যান্ডের কাছে ইনছুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা আলেয়া আক্তার সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রোববার র্যাব-৪ সাভার ক্যাম্পের ক্যাপ্টেন তোফায়েল আহমেদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর জব্বারের ছেলে।
ক্যাপ্টেন তোফায়েল আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, আলী হোসেনকে সোমবার আদালত পাঠানো হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইবেন বলেও তিনি জানিয়েছেন।
ইনছু রাজধানীর শাহ আলী থানা ও র্যাব-৪ এর সোর্সের কাজ করতেন। ৫/৬ মাস আগে সাভার এসে তিনি সাভার থানা ও র্যাব-৪ এর সঙ্গে কাজ শুরু করেন।
বেশ কিছুদিন আগে সে একটি হত্যা মামলার দুই আসামিকে র্যাবের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এ কারণে স্থানীয় দুই সন্ত্রাসী তাকে কয়েকবার হত্যার চেষ্টার চালায়।
ইনছুর বাড়ি মুুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ১৮১০ ঘ.
bdnews24