পটুয়াখালী, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সময় মানুষকে ত্রাণের ওপর নির্ভরশীল করে রাখা ঠিক নয় বলে মনে করেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
তিনি বলেন, সরকার দ্রুততার সঙ্গে দূর্গত মানুষদের নিজ নিজ কাজে ফিরিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এজন্য কাজের বিনিময়ে খাদ্য, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ঋণ কার্যক্রম শুরু হচ্ছে।
রোববার ঘূর্ণিঝড় দুর্গত পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে ত্রাণ বিতরণের সময় ড. আইউব মিয়া বলেন, "ঘুনিঝড় সিডরে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানের চেয়েও ভয়াবহ। সরকার জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণে সফল হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে দূর্গতদের পূনর্বাসন করা।"
এর আগে ঘুর্ণিঝড় দুর্গত চরখালী পরিদর্শন করেন। সেখানে গণকবর জিয়ারত করে ত্রাণ বিতরন শুরু করেন।
এসময় তার সঙ্গে ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক এ,জি,এম মীর মশিউর আলম, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আবদুল ওয়াদুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ এমএসবি/১৫৩২ ঘ.
bdnews24