ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের ঈদের ছুটির পর রোববার সরকারি অফিস-আদালত খুলেছে। তবে অফিস ও আদালতপাড়ায় ঈদের আমেজ এখনো কাটেনি। তাই সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিসগুলোতে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম।
সচিবালয়ে সকালে মন্ত্রণালয়গুলোতে খুব কম কর্মকর্তা-কর্মচারী এসেছেন। তারা সবাই ব্যস্ত ছিলেন পরস্পরের সঙ্গে ঈদের কুশল বিনিময়ে। প্রায় সব কক্ষের টেবিলগুলো ছিল ফাঁকা।
সংস্থাপন সচিব আব্দুস সালাম খান কর্মকর্তা-কর্মচারিদের কম উপস্থিতির কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনা নোটিশে অফিসে উপস্থিত না থাকার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তবে ঈদের মতো একটি উৎসবের ক্ষেত্রে বিষয়টিকে আমরা উদারভাবে দেখছি। ঈদের ছুটির পর যানবাহনের টিকেট না পেয়ে অনেকে বাড়ি থেকে আসতে পারেন না। নানাবিধ সমস্যায় পড়তে হয়। সেদিকটিকে আমরা বিবেচনায় রাখি। আশা করছি, উপস্থিতির এই অবস্থার পরিবর্তন হয়ে যাবে।''
উপদেষ্টাদের মধ্যে রোববার স্বাস্থ্য উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান ও শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ছাড়া বাকিরা মন্ত্রণালয়ে যথারীতি নিজেদের কক্ষে বসেছেন।
সচিবালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কর্মী এমদাদ হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গেইট দিয়ে একেবারে হাতেগোনা কয়েকটি সরকারি গাড়ি প্রবেশ করেছে। লোকজনের প্রবেশও কম। আগের মতো জনস্রোত আজ নেই। দর্শনার্থীদের কাউন্টারও প্রায় ফাঁকা। কয়েকজন নিরাপত্তা কর্মী ছাড়া এখানে কেউই নেই।"
বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোও রোববার খুলেছে। টানা তিনদিন ছুটি শেষে ব্যাংকগুলোতে কিছুটা চাপ থাকার কথা জানিয়েছেন ব্যাংক ব্যবস্থাপকরা। মতিঝিলে কয়েকটি বেসরকারি বানিজ্যিক প্রতিষ্ঠানও খুলেছে। তবে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান এখনো বন্ধ।
এদিকে, রোববার জেলা দায়রা আদালত ও মহানগর মুখ্য হাকিম আদালতও খুলেছে। তবে আদালতপাড়ায় নেই নিত্যকার কোলাহলময় ব্যস্ততা। আইনজীবীরা সকাল থেকে বিভিন্ন আদালতে হাজির হতে শুরু করেন। তবে এজলাশে তাদের উপস্থিতি ছিল কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, মহানগর মুখ্য হাকিম আদালতের ১২ জন হাকিমের মধ্যে রোববার পাঁচজন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা দায়রা জজ ইশতিয়াক আহমেদ ও ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক ছুটিতে থাকায় তাদের দায়িত্ব পালন করেছেন যথাক্রমে ঢাকা মুখ্য বিচারিক হাকিম মো. আবু সুফিয়ান ও প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. আবুল বাশার।
ছুটির পর প্রথম দিন বলে আদালতগুলোর হাকিমদের অনেকেই সকালে খাস কামরায় ছিলেন। দুপুরে তারা এজলাসে বসেন।
একইভাবে ঢাকার চারটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও পাঁচটি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতও রোববার খুলেছে। তবে খুব কম মামলাই উঠেছে ওই সব আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/পিবি/এসএম/এএল/এসি/১৯১০ ঘ.
bdnews24