কামরুল আম্বিয়া
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠেছে মৌলভীবাজার জেলার হাইল হাওর ও হাকালুকি হাওর। শীতের সূচনাতে হাওর এলাকায় অতিথ্য নিতে আসা দূর দেশের এই পাখীদের সান্নিধ্য পেতে ভিড় বাড়ছে দেশি-বিদেশি পর্যটকদের।
প্রাণী সংরক্ষণ ও পরিবেশবিদ সিতেশ দেব জানান, গত শীত মৌসুমে শতাধিক প্রজাতির ৮০ থেকে ৯০ হাজার পাখির এসেছিল হাওর অঞ্চলে। এবার শীতের শুরুতেই পাখির এসেছে প্রায় এক লাখ। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।
শ্রীমঙ্গলের প্রসিদ্ধ হাইল-হাওর ও বড়লেখার হাকালুকি হাওরে প্রতিবছর শীতের সময়ে উড়ে আসে হাজার হাজার অতিথি পাখি। হাইল হাওরের পাখিদের পর্যবেক্ষণের জন্য মৎস্য অধিদপ্তর ও ইউএসএআইডি'র আর্থিক সহায়তাপুষ্ট ম্যাচ্ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে আধুনিক টাওয়ার। দ্বিতল এ টাওয়ার থেকে দূরবীন ও বাইনোকুলার দিয়ে বিস্তৃৃত হাইল হাওরের সৌন্দর্য পর্যবেক্ষণের সুযোগ আছে। ।
সিতেশ দেব জানান, এবার হাওর এলাকায় আসা অতিথি পাখিদের মধ্যে আছে মধ্য এশিয়ার ভূতি হাঁস, গুটি ঈগল, সাইবেরিয়ার গিরিয়া হাঁস, ল্যাঞ্জা হাঁস, পৃথিবীব্যাপি বিলুপ্তপ্রায় পালাসি কুড়া ঈগল, বালি হাঁস, রাজ সরালি, পান ভুলানি, কাস্তেচড়া, পান কৌরি, রাঙ্গাবক, বেগুনি কালেম ও মেটে মাথা টিটিসহ শতাধিক প্রজাতির পাখি।
প্রতিবছর শীত মৌসুমে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ, উত্তর মেরু ও হিমালয় অঞ্চল থেকে হাজার হাজার পাখি বড়লেখার হাকালুকি হাওর ও শ্রীমঙ্গলের হাইল হওরের বাইক্কা বিলে আশ্রয় নেয় বলে জানান তিনি।
শীতের শেষে গরমের শুরুতে অতিথি পাখীরা ফিরে যায় তাদের আবাস ভূমিতে। অবশ্য মাংসলোভী শিকারির গুলি, জাল আর বিষটোপের কারণে মারা পড়ে অনেক পাখি।
ইউএসএআইডি'র অর্থায়নে পরিচালিত মৌলভীবাজারের হাইল হাওরের জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত সমাজভিত্তিক জলাভূমি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সমন্বয়কারী মাজহারুল ইসলাম জাহাঙ্গীর জানান, বাইক্কা বিলের মতো সরকার হাকালুকি হাওরের দহবিল, হাল্কা-জল্কা, হারামডিঙা, নাগোয়া-লবিরই ও চাতলা বিলকে অতিথি পাখিদের জন্য অভয়াশ্রম ঘোষণা করেছে। সেখানে পাখি শিকার করলে কঠোর শাস্তি পেতে হবে।
পাখি দেখার জন্য প্রতিদিন হাওর এলাকায় আসছে প্রচুর পর্যটক। টাওয়ার বসেই দেখা উপভোগ করা যায় পাখির কলকাকলি। কেউ যদি নৌকা দিয়ে পাখির খুব কাছাকাছি যেতে চায় সে ব্যবস্থাও আছে। এজন্য ঘণ্টা হিসেবে ভাড়া দিতে হবে নৌকার মাঝিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫৩৮ ঘ.
bdnews24