ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টার সৌদি বাদশা হজ পালন করতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ অনুষ্ঠানে তিনি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীনের আহমদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, প্রধান উপদেষ্টা অফিসের সচিব কাজী মো. আমিনুল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
হাজিদের শুক্রবার মিনায় অবস্থানের তৃতীয় ও শেষ দিন। এদিন জামারাতে পাথর নিক্ষেপ শেষ করে 'তাওয়াফ আল বিদা' আদায়ের জন্য প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা মক্কায় যাবেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় মহানবীর কবর জেয়ারতের জন্য তারা মদিনার উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24