২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষএবারের ঈদ তাদের জন্য শুধুই বিষাদের

ঈদ এসেছে। অথচ মুসলমানদের আনন্দের সবচেয়ে বড় এ উপলক্ষেও উপকূলবর্তী গ্রামগুলোতে নেই আনন্দের ছিটেফোঁটা। ১৫ নভেম্বর তাদের সব কেড়ে নিয়েছে। প্রলয়ঙ্করী সিডরের আঘাতে স্তব্ধ হয়ে গেছে উপকূলবর্তী মানুষের জীবন। আনন্দগুলোও এখন তাই তাদের কাছে শুধুই কষ্টকল্পনা। সরেজমিন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পটুয়াখালী প্রতিনিধি খন্দকার দেলোয়ার জালালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 08:53 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

পটুয়াখালী, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ এসেছে। অথচ মুসলমানদের আনন্দের সবচেয়ে বড় এ উপলক্ষেও উপকূলবর্তী গ্রামগুলোতে নেই আনন্দের ছিটেফোঁটা। ১৫ নভেম্বর তাদের সব কেড়ে নিয়েছে। প্রলয়ঙ্করী সিডরের আঘাতে স্তব্ধ হয়ে গেছে উপকূলবর্তী মানুষের জীবন। আনন্দগুলোও এখন তাই তাদের কাছে শুধুই কষ্টকল্পনা। সরেজমিন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পটুয়াখালী প্রতিনিধি খন্দকার দেলোয়ার জালালি। ভয়াল সিডর আঘাত হানার পর পটুয়াখালীর বেশ কিছু অবস্থাসম্পন্ন পরিবারও নেমে এসেছে দুস্থদের কাতারে। তাই দীর্ঘদিন কোরবানি দিয়ে অভ্যস্তরাও এবার প্রস্তুতি ছাড়াই হচ্ছে ঈদের মুখোমুখি। এবার কোরবানির চেয়ে তাদের কাছে বড় চিন্তা ঘর তোলা থেকে শুরু করে কৃষি ও ব্যবসা-বাণিজ্য নতুন করে শুরু করা। সিডর বিধ্বস্ত চারখালী, তালতলী, ভিকাখালী, গোলখালী, ছোট বিঘাইসহ গলাচিপার বিভিন্ন চরে ঘুরে দেখা গেছে এমন চিত্র। ১৫ নভেম্বর ভাগ্যক্রমে বেঁচে যান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবদুল মান্নান। কলাপাড়া ফেরীঘাটে বসে তিনি জানান, ৭০ এর বন্যার চেয়ে সিডরের আঘাত অনেক বেশী ভয়াবহ। তাই ঈদ তাদের জন্য কোনো আনন্দের সংবাদ নিয়ে আসেনি। বিষাদের মধ্যেই ছেলেপুলে নিয়ে কাটবে এই ঈদ। ভিকাখালীর শহিদ মোল্লা জানান, গতবার পর্যন্ত যারা পশু কোরবানি করেছে তাদের বেশিরভাগই এবার কোরবানির কথা ভাবতে পারছেন না। তিনি জানান, এখন ঘর তোলা, ব্যবসা-বানিজ্য এবং কৃষি কাজের জন্য প্রস্তুত হচ্ছে সবাই। সিডর বিধ্বস্ত এলাকায় শীতের কবল থেকে বাঁচার কথাও তাদের ভাবতে হচ্ছে। কোরবানি সেখানে গৌণ। মির্জাগঞ্জ ইউনিয়নের তালতলী বাজারে কথা হয় মিজানুর রহমান নামে এক ধান ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, "এবার আবার কোরবানি কিসের; আমরা তো নিজেরাই কোরবানি হয়ে গেছি।" তার মতে, এবার সিডর বিধ্বস্তদের কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবদুল মান্নান, শহিদ মোল্লা কিংবা মিজানুর রহমান কিছু একটা বললেও ঈদের কথা শুনে হেসে ওঠেন চরখালী গ্রামের মিনারা বেগম। সিডর আঘাত হানার পর এই মহিলা এখন অনেকটাই অস্বাভাবিক। সিডর কেড়ে নিয়েছে তার স্বামী মোহাম্মদ খান, মেয়ে নীরা ও ছেলে মিঠুকে। এখনো তার ঘর তোলা হয়নি। রান্না-বান্নাও চলেনা। আত্মীয়-স্বজনরা তাকে রান্না করে খেতে দিলে দু'চারটা ভাত জোটে। আবেগ জড়ানো কণ্ঠে মিনারা জানান, "কোরবানি যারা দিত তাদেরতো ভাসিয়ে নিয়েছে জলোচ্ছাস। আমার আবার কোরবানি কিসের।" একই গ্রামের পঞ্চাশোর্ধ ফিরোজ মল্লিক স্ত্রী, মেয়ে, জামাতা আর নাতনি হারিয়ে পাগল প্রায়। বিড়বিড় করে এখনো কথা বলে চলেন ঘূর্ণিঝড়ে মারা যাওয়া তার স্ত্রী লালমোন, মেয়ে আকলিমা, জামাতা ও আদরের নাতনীর সঙ্গে। বেঁচে থাকা শিশুপুত্র রায়হান আর কন্যা বীথিকে নিয়ে তার কোনো রকমে দিন কাটে। চরখালীর স্কুল শিক্ষকের স্ত্রী শাহনাজ পারভীন জানান, "আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, কোরবানি দেওয়ার সামর্থ নেই এবার। ফসলহানী ও ঘর-বাড়ি ধ্বংস পরিবারের সবার মধ্যে হতাশা নেমে এসেছে।" ষাটোর্ধ ফুলবানু ঝড়ের রাতে চরখালীতেই ছিলেন। কোরবানির কথা তার মনে আসেনা; পড়ন্ত জীবনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এতেই তিনি খুশি। চরখালীর জেলে শাহজালাল সরকারি ত্রাণ হিসেবে ঘর মেরামত করার জন্য ৫ হাজার টাকা পেয়েছেন। এর মধ্যে খরচও করে ফেলেছেন ২ হাজার টাকা। এখন ঘর তোলা আর জাল নৌকা তৈরির চিন্তায় রাতে তার ঘুম আসেনা। কোরবানির ঈদ দুয়ারে, সেই চিন্তা তাই মাথায় আসেনা। নার্সারির ছাত্র অপি কিংবা চতুর্থ শ্রেণীর রাহিমাও বুঝে গেছে এবারের ঈদ তাদের জন্য নয়। বাবা গরু কিনেননি, তাই ঈদের আনন্দও তাদের নেই। মোটামুটি স্বচ্ছল পরিবারের কর্তা খলিলুর রহমান বললেন, "কষ্টে হলেও প্রতিবারই কোরবানি দিয়েছি। এবার দেওয়া হচ্ছেনা। ঈদে বাচ্চাদের নতুন পোশাক দিয়ে তৃপ্তি অনুভব করতাম; সে কথা ভাবতে বুকটা ভেঙে যাচ্ছে।" তিনি জানান, এবারের ঈদের ছোঁয়া চরখালী গ্রামে নেই। এখনো স্বজন হারানোরা রাত জেগে কান্নাকাটি করেন। "একটা সময় ছিল যখন আমরা হাটে হাটে গরু আর খাসির দাম দেখেছি, কিনেছি। আর এখন ঘুরে বেড়াই ত্রানের আশায়" এভাবেই নিজের ঈদ প্রস্তুতির কথা জানালেন সত্তরোর্ধ ফজলুল হক। ইউনিয়ন পরিষদ ভবনের সামনে তিনি তখন ত্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে। একটাই আশা, হাতে কিছু একটা পাবেন নিশ্চয়ই। কান্না জড়ানো কন্ঠে বৃদ্ধ বললেন, "প্লাবন আমাদের সব কিছু ভাসিয়ে নিয়েছে। আমাদের আবার ঈদ কি!" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি/১৪৪৮ ঘ.