২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালি সম্মেলনে আমাদের প্রস্তুতির চেয়ে অর্জন বেশি: সি এস করিম

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বালি সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতির চেয়ে অর্জন বেশি বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সি এস করিম। তিনি বলেন, সার্বিকভাবে বাংলাদেশ বালি সম্মেলন থেকে অনেক কিছু অর্জন করেছে। এ সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বালি সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতির চেয়ে অর্জন বেশি বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সি এস করিম। তিনি বলেন, সার্বিকভাবে বাংলাদেশ বালি সম্মেলন থেকে অনেক কিছু অর্জন করেছে। এ সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হয়েছে বাংলাদেশ। অভিযোজন তহবিল একটি নির্দিষ্ট কাঠামো পেয়েছে। তহবিল বরাদ্দের প্রক্রিয়াও সহজ হয়েছে। দক্ষতা ও প্রযুক্তি বিনিময়ের বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। এগুলো বিরাট অর্জন। বুধবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। চলতি মাসে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের কর্মকাণ্ড তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টা জানান, বালি সম্মেলন পরবর্তী দু'বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করে সে অনুযায়ী কাজ করবে বাংলাদেশ। ওই রোডম্যাপে দুর্যোগ প্রশমন ও অভিযোজনের মতো বিষয়গুলোও থাকবে। খাত ওয়ারি হিসাবগুলো জাতীয় বাজেটের মূলধারায় তুলে আনা হবে। এক্ষেত্রে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বালি সম্মেলনে তার অনুপস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, "মায়ের অসুস্থতার কারণে আমি বালি সম্মেলনে যোগ দিতে পারিনি। তবে প্রতিনিধি দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বালি সম্মেলন চলাকালীন সময়ে তাতে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন এমন অভিযোগ ঠিক নয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষক ড. আসাদুজ্জামান বলেন, "সম্মেলনে কয়েকটি ইস্যুতে আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ আপত্তি তুলেছিল। সেটা মোকাবেলার জন্য আমাদের সমস্ত জনবল নিয়োগ করতে হয়েছে। প্রতিনিধিরা উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমকে এড়িয়ে যাননি।" পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামার মুনীর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধি দল বালি সম্মেলনে কেবল কয়েকটি বিষয়ে স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে কাজ করেনি, ৭৭টি দেশের এই সংগঠনের সামগ্রিক মতামত বাংলাদেশের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ২০২০ সালের মধ্যে গ্যাস নিঃসরণ ২৫ থেকে ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়নি। কামার মুনীর বলেন, বাংলাদেশের প্রতিনিধিরা সম্মেলনে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা ও কৌশল তুলে ধরার চেষ্টা করেছেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৮৪০ ঘ.