২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়ার দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ

ঈদের আগে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বুধবার খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে মিল গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

খুলনা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বুধবার খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে মিল গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। খুলনার স্টার জুট মিলের শ্রমিকরা বকেয়া পাওনা ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার রাত থেকে সব বিভাগে উৎপাদন বন্ধ রাখে। বুধবার সকাল সাড়ে ৯টায় মিল এলাকায় তারা বিক্ষোভ করে। এ সময় সেখানে পুলিশের একটি টহল গাড়ি গেলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। স্টার জুট মিলের ওয়ার্কাস ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবুল কালাম সরদার বলেন, "পুলিশ আমাদের সমাবেশ করতে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।" বুধবার সকাল থেকে আলীম জুট মিলের শ্রমিকরা মিল গেটের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা সকাল সাড়ে ১০টায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার এক পর্যায়ে শ্রমিকরা রাজপথ অবরোধ না করে পুনরায় মিল গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন আলীম জুটি মিল ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ সরদার, আমিরুল ইসলাম, আব্দুস সালাম, জাফর আহমেদ প্রমুখ। আব্দুল হামিদ সরদার বলেন, "আমাদের বকেয়া পাওনা পরিশোধ করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলন ঈদের পরও চলবে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।" দ্বিতীয় দিনেও উৎপাদন বন্ধ রেখে প্লাটিনাম জুট মিলের শ্রমিকরা মিল গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে। এদিকে একই দাবিতে যশোরের কার্পেটিং মিল ও যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই), খুলনার ক্রিসেন্ট জুট মিল, ইস্টার্ন জুট মিলের শ্রমিকরা মিল গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে বলে শ্রমিক নেতারা জানান। খুলনার পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টার জুট মিলের সামনে পুলিশের সঙ্গে শ্রমিকদের কোনো ধাওয়া পাল্টা ধাওয়া হয়নি।" তবে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিল গেটে অবস্থান নিয়েছিল বলে পুলিশ সুপার জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮২০ ঘ.