খুলনা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে।
সাড়ে ৪ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী আলী আবদুল্লাহ এলিনের দায়ের করা মামলায় বুধবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান। তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা।
এনিয়ে কারাবন্দি মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে চারটি মামলার অভিযোগপত্র দেয়া হলো। এর আগে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
রূপসা উপজেলার ব্যবসায়ী আলী আবদুল্লাহর দায়ের করা মামলায় পুলিশ মেয়রসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। আট জনকে আসামি করেই গত ৩ নভেম্বর সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার অপর আসমিরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউনিক আইস অ্যান্ড ফুড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবু, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনাম, কর্মকর্তা কামরুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির নেতা তারিকুল ইসলাম জহির ও বুলু।
আসামিদের মধ্যে মেয়র ও জহির কারাগারে রয়েছেন। সাইফুল ইসলাম ও মো. আনাম উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বাকিরা পলাতক।
মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদ তৈয়েবুর রহমানকে গত ২ নভেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন মেয়রের খুলনার বাসায় অভিযান চালিয়ে একটি পাইপ গান, একটি শাটার গান, ২৫ রাউন্ড গুলি ও তিন বোতল মদ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৭ ঘ.
bdnews24