কক্সবাজার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিরাজমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশি ব্যবসায়ীদের রপ্তানি বাড়ানোর আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতো আবদুল মালেক বিন আবদুল আজিজ।
মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, "দেশ ও ভাষার পার্থক্য থাকলেও মুসলমান হিসেবে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে। বর্তমানে দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তাতে মনে হতে পারে আমাদের মধ্যে কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই।"
তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা ফলাও করে প্রচার হচ্ছে। আমাদের এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে শ্রমিকদের সমস্যা নয়, বাণিজ্যের উত্তরোত্তর সমৃদ্ধি ফলাও হয়ে গণমাধ্যমে আসবে।"
কক্সবাজার চেম্বারের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মালয়েশীয় হাই কমিশনার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বর্তমানে মোট আমদানি-রপ্তানির পরিমাণ ৫০০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে মালয়েশিয়া থেকে আমদানি হয় ৪৮০ মিলিয়ন ডলারের পণ্য। এর অর্ধেকই পাম অয়েল।
তিনি আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক মৎস্য, তৈরি পোশাকসামগ্রী ও হস্তশিল্পের কদর রয়েছে মালয়েশিয়ায়। বাংলাদেশি ব্যবসায়ীরা চাইলে বেশি পরিমাণে এইসব পণ্য রপ্তানি করতে পারেন।
কক্সবাজার সমুদ্র সৈকত দেশে মালয়েশীয় হাই কমিশনার দাতো আবদুল মালেক এটিকে প্রকৃতির অপূর্ব দান বলে অভিহিত করে বলেন, একদিকে সাগর অন্যদিকে পাহাড়ের সমন্বয় সত্যিই অপরূপ। অথচ এই সৈকতের ব্যাপক প্রচারণা নেই।
কক্সবাজারে ইকো ট্যুরিজমের বিশাল সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
হাইকমিশনার দাতো আবদুল মালেক বিন আবদুল আজিজ স্ত্রী ও তার দুই মেয়েকে নিয়ে ব্যক্তিগত সফরে সোমবার দুপুরে কক্সবাজার আসেন।
তিনি ইনানী ও হিমছড়ি ছাড়াও সোনারপাড়ার মেরিগোল্ড চিংড়ি হ্যাচারি, কক্সবাজার শহরের হিমায়িত মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান নুর মোহাম্মদ অ্যান্ড কোম্পানি পরিদর্শন করেন।
বুধবার দুপুরে তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24