২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় বাকির ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের সিবিএ নেতা বি এম বাকির হোসেন ও তার স্ত্রী নাজমা হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের সিবিএ নেতা বি এম বাকির হোসেন ও তার স্ত্রী নাজমা হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। সোমবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এ মামলার অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর বিচারক মো. ফিরোজ আলম আগামী ২৪ ডিসেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেন। অভিযোগ গঠনের সময় বাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বাকির এখন কারাগারে রয়েছেন। নাজমা হোসেন পলাতক। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে গত ৩০ মে মতিঝিল থানায় বাকির ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, বাকির হোসেন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১ কোটি ৫১ লাখ টাকার সম্পত্তি অর্জন এবং তথ্য গোপন করেছেন। এই কাজে সহায়তা করেছেন নাজমা হোসেন। ৭ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক জীবন কৃষ্ণ রায় ওই মামলায় বাকির হোসেন ও তার স্ত্রী নাজমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। চলতি বছরের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের যে তালিকা প্রকাশ করে তাতে বাকিরের নামও ছিল। এদেরকে ৭২ ঘণ্টার মধ্যে নিজের ও পরিবারের নামে থাকা সম্পত্তির হিসাব জমা দিতে বলা হয়। বাকিরের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা আরেকটি মামলার বিচার কাজ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯৩০ ঘ.