পঞ্চগড়, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচারকাজে অযথা সময়ক্ষেপণ না করতে আইনজীবি ও বিচারকদের প্রতি আহবান জানিয়েছেন বিচারপতি এবিএম খায়রুল হক। একই সঙ্গে তিনি বিচারপ্রার্থীদের প্রতি সহানুভুতিশীল হতেও সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন।
সোমবার পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "শুধু মুখে স্বাধীন বললে হবে না, মানসিকভাবেও সবাইকে স্বাধীন হতে হবে। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চকে একযোগে কাজ করতে হবে। বিচার বিভাগ স্বাধীন হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রও প্রতিষ্ঠিত হবে।
আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন, মূখ্য বিচারিক হাকিম সৈয়দ আলতাফ হোসেন, পিপি অ্যাভোকেট আমিনুর রহমান, এ হাসান প্রধান, আজিজার রহমান আজু, সমিতির সাধারণ সম্পাদক অ্যাভোকেট ইসমাঈল হোসেন সরকার বাবু প্রমুখ।
পরে বিচারপতি খায়রুল হক বিচারিক হাকিম আদালত, জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত সরকারি মালখানা, কোর্ট হাজতসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.
bdnews24