ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী আমন্ত্রিত হওয়ায় রোববার বঙ্গভবনের বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররাও অনুষ্ঠান বর্জন করেন।
তবে বিএনপির আমন্ত্রিত নেতাদের অধিকাংশ এতে যোগ দিয়েছেন।
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ করার দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগসহ সমমনা দলগুলো আগেই বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছিল। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও তার স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম বিকেলে বঙ্গবভবনে এ সংবর্ধনা দেন।
অনুষ্ঠানে বিএনপির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের দুই উপদেষ্টা এম এ হাকিম ও ইনাম আহমেদ চৌধুরী, খন্দকার দেলোয়ারের নেতৃত্বাধীন অংশের সহ সভাপতি এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা আব্দুস সুবহান, মকবুল আহমেদ, দেলোয়ার হোসেন সাঈদী, এম কামারুজ্জামান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, আব্দুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী এবং কয়েকটি ইসলামী দলের নেতা যোগ দেন।
এছাড়া, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ পরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। এজন্য এসেছি। এর সঙ্গে অন্য কিছুকে যোগ করা গ্রহণযোগ্য নয়।"
যুদ্ধাপরাধীর বিচার বিষয়ে অবশ্য তিনি বলেন, "অবশ্যই আমি চাই একাত্তরের যুদ্ধাপরাধীর বিচার হোক। তবে একাত্তরের পর কেন তাদের বিচার করা হয়নি বা আওয়ামী লীগ শাসনামলে কেন হয়নি- তাও দেখতে হবে।"
এদিকে অনুষ্ঠান বর্জনের বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গভবনের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীরা আমন্ত্রিত হয়েছিল। এজন্য দলীয় সিদ্ধান্ত অনুসারে আমরা কেউ সেখানে যাইনি।"
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় সাবেক রাষ্ট্রপতি হিসেবে সেখানে আমার যাওয়া উচিত ছিল। কিন্তু আমি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে সেখানে যেতে পারি না।"
তিনি আরও বলেন, "এখন যুদ্ধাপরাধীদের বিচারের যে দাবি উঠেছে, তাকে আমি সমর্থন করি। আমি মনে করি, তাদের বিচার হওয়া উচিত। চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে সব রাজনৈতিক দল ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে আমরাও অনুষ্ঠান বর্জন করছি।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগে থেকেই বিজয় দিবসের মতো অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের আমন্ত্রণ না জানানোর জন্য সরকারকে অনুরোধ করেছি। জামায়াত তো বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছে- তাই স্বীকার করে না। তাই তাদের ঘৃণা করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানিয়েছি। অথচ সরকার এ ধরনের একটি অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানিয়েছে।"
সরকার দাবি না মানায় অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, "১৪ দলের অন্য শরিকরাও ওই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে অনুষ্ঠান বর্জন করেছে। এটা সম্মিলিত সিদ্ধান্ত না হলেও সম-সিদ্ধান্ত।"
সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমরা আগ্রহী। তবে বিগত দিনগুলোতে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানিয়ে এ ধরনের অনুষ্ঠানকে কলঙ্কিত করা হয়েছে। এজন্য আমরা অনুষ্ঠানে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি অভিযোগ করেন, "কিছুদিন আগেও আওয়ামী লীগ ও বিএনপির মতো দলগুলো যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে একই অনুষ্ঠানে যোগ দিয়েছে। এমনকি তাদের সঙ্গে এক টেবিলে বসে বৈঠক ও যুগপৎ আন্দোলন করেছে।"
ওই দলগুলোও এখন যুদ্ধাপরাধীদের বিচার চাইছে জানিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। তাদের বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সোচ্চার প্রতিবাদ হিসেবে আমরা অনুষ্ঠানে যাইনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এসএম/ /এসএনডি/এসকে/১৮৪০ঘ.
bdnews24