ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রচলিত আইনেই সম্ভব বলে মনে করেন আকবর আলি খান। তার মতে, যুদ্ধাপরাধীদের সঙ্গে ভবিষ্যত প্রজন্ম একসঙ্গে থাকবে, এটা হতে পারে না। গণহত্যার বিচার হতেই হবে।
তবে তৎকালীন মুজিবনগর সরকারের এ কর্মকর্তা মনে করেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারেরই যে এ বিচার করতে হবে এমন কথা নেই। তিনি এ ব্যাপারে বলেছেন,"পরবর্তী সরকার যেন এ জরুরি কাজটি করে, সে বিষয়ে আমাদের সক্রিয় থাকতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ আকবর আলি খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।
দীর্ঘ কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ড. আকবর আলি খান। ১৯৭১ দেশ মাতৃকার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা দপ্তরে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।
মুক্তিযুদ্ধে অংশ নেয়ার প্রেক্ষাপট তুলে ধরে ড. খান বলেন, "পাকিস্তানিরা আমাদের ওপর যে বর্বর অত্যাচার-নির্যাচন চালিয়েছিল তা সহ্য করতে না পেরে বিবেকের তাড়নায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। ওই পরিস্থিতিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ ছিল না।"
"আমাদের স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশের, একটি পতাকার। অনেক রক্তের বিনিময়ে পাকিস্তানিদের কাছ থেকে সে স্বপ্ন আমরা ছিনিয়ে এনেছিলাম। দীর্ঘ ৩৬ বছরে সে স্বপ্নের পুরোটা হয়তো বাস্তবায়ন হয়নি। কিন্তু পরাধীনতা থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন বাঙালি বুকে ধারণ করেছিল, সে স্বপ্ন পূরণও কিন্তু কম পাওয়া নয়"--৩৬ বছর পর এ মূল্যায়ন আকবর আলি খানের।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকার পরিচিত হয় মুজিবনগর সরকার হিসেবে। মুক্তিযুদ্ধের পুরো সময়টা এ সরকার দায়িত্ব পালন করে।
মুজিবনগর সরকারে নিজেদের কাজের ধারার বিষয়ে আকবর আলি বলেন, "মুজিবনগর সরকারের শেষ দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়। প্রথম দিকে এ মন্ত্রণালয়ের তেমন প্রয়োজনীয়তা দেখা দেয়নি। তাছাড়া সে সময় সচিব মর্যাদার কর্মকর্তারও অভাব ছিল। সিলেটের ডিসি আব্দুস সামাদের নেতৃত্বে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ শুরু করি। সেনাবাহিনীর বাইরে থেকে আলাদাভাবে আমরা আমাদের কাজ পরিচালনা করতাম। মুক্তিবাহিনীর জন্য কম্বল, খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সব কিছু পৌঁছে দেয়ার ব্যবস্থা করতাম। আর সবচেয়ে বড় যে কাজটি করতাম সেটা হলো, মুুক্তিবাহিনীর খবর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছে দেয়ার কাজ। বেতারে সে সব সাহসী খবর প্রচার দেশবাসীকে উদ্বুদ্ধ করতো।"
সে সময়ের বিশেষ কোনও স্মৃতি জানতে চাইলে ড. আকবর আলী ১৬ ডিসেম্বরের কথাই বলেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "১৬ ডিসেম্বর যখন পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর আসে, তখন একটা সমস্যা দেখা দেয়। মুক্তিবাহিনীর প্রধান জেনারেল এমএজি ওসমানী তখন কলকাতায় ছিলেন না। শেষে গ্র"প ক্যাপ্টেন এ কে খন্দকারকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।"
দেশ স্বাধীন হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ড. আকবর আলী। সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "ওই সময় ঢাকায় হাইকোর্ট ভবনে এ মন্ত্রণালয়ের অফিস ছিল। একই অফিসে একসঙ্গে আমরা অনেকে কাজ করতাম। এনিয়ে কোনো সমস্যা হয়নি কখনো। আসলে তখন আমরা সবাই ভাবতাম, দেশের জন্য কাজ করছি। অন্য কোনো চিন্তা কারো মাথায়ই ছিল না। সব কিছুই ছিল দেশকে ঘিরে।"
সে সময়ের কোনো সহকর্মীর কথা মনে পড়ে কিনা জানতে চাইলে আকবর আলি খান বলেন, "অনেকের কথাই মনে পড়ে। তবে সবার নাম মনে নেই। এক জনের নাম মনে আছে, আলী ইমাম। পরে আর উনার সঙ্গে যোগাযোগ হয়নি। জানি না বেঁচে আছেন কিনা।"
স
bdnews24