২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিএফ এর প্রথম বৈঠকে ৫ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত

বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) প্রথম বৈঠকে দেশে একটি ব্যবসা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার ও বেসরকারি খাতের সম্মিলিতভাবে কাজ করার জন্য খাতভিত্তিক পাঁচটি আলাদা ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিবিবিএফ এর প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। ফোরামের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এতে সভাপতিত্ব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) প্রথম বৈঠকে দেশে একটি ব্যবসা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার ও বেসরকারি খাতের সম্মিলিতভাবে কাজ করার জন্য খাতভিত্তিক পাঁচটি আলাদা ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিবিবিএফ এর প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। ফোরামের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এতে সভাপতিত্ব করেন। ফোরামের সদস্য বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ শনিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে , বৈঠকে দেশে একটি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে খাতভিত্তিক পাঁচটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আর্থিক ও ব্যবসা খাত, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতিমালা, ব্যবসা পরিচালনা এবং দক্ষ জনসম্পদ সৃষ্টি-এই পাঁচটি বিষয়ের ওপর আলাদা ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। বিজিএমই সভাপতি আরও বলেন, বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে খাদ্যসহ সব ধরনের জিনিসের দাম যেভাবে বাড়ছে সে পরিস্থিতিতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা খুবই কঠিন হবে। এ অবস্থায় মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে আনোয়ার পারভেজ জানান। বৈঠকে এই পাঁচ কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধি কারা থাকবেন তা নির্বাচনের জন্য বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। বিনিয়োগ বোর্ড চেয়ারম্যান ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ নামের তালিকা পাঠাবেন। বৈঠকে উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, যে উদ্দেশ্যে বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়েছে তা সফল করার জন্য প্রথম বৈঠকে বিভিন্ন বিষয় আলাপ-আলোচনার পর এ পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন হলে এ ধরনের আরও ওয়ার্কিং কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। দেশের অর্থনীতিকে গতিশীল করা এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গত ২৬ নভেম্বর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে প্রধান করে ৩৮ জন সরকারি ও বেসরকারি প্রতিনিধির সমন্বয়ে বহুল আলোচিত 'বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)' গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১১৭ঘ.