চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিজেদের দায়মুক্তির জন্যই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। প্রচলিত আইনে নয়, এদের বিচার করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। নইলে যুদ্ধাপরাধীরা পার পেয়ে যাবে।
একাত্তরে স্বামী ও ছোটভাইকে হারিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে নিয়ত সংগ্রাম করে যাওয়া মুক্তিযুদ্ধের সৈনিক বেগম মুশতারী শফী আবেগতাড়িত হয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে এভাবেই মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর অনুভূতি ব্যক্ত করেন।
এখনই যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে জাতির কলঙ্কমোচন হবে না বলে তার অভিমত।
শহীদজায়া মুশতারী শফী বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের কাছে যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। ৩৬ বছর পরও যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারা জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত কষ্টের। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জন্য আরো পীড়াদায়ক।"
এখনো পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া এবং স্বাধীন দেশে তাদের আস্ফালন তাকে আত্মগ্লানিতে ভোগায়; অপরাধী করে তোলে নতুন প্রজন্মের কাছে।
১৯৯২ থেকে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারাদেশে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল তার সহযাত্রী ছিলেন মুশতারী শফী। সা
bdnews24